চলতি মাসের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটা বর্জনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান। এরপর থেকেই আলোচনা হতে থাকে, ভারত-পাকিস্তান মহারণ না হলে এর প্রভাব কী হতে পারে। কিংবা আইসিসির রাজস্ব আয়ে এর কতটা প্রভাব পড়তে পারে।
ক্রিকেট বিশ্বে সমর্থক থেকে শুরু করে সম্প্রচারকারী প্রতিষ্ঠান- সবার আগ্রহের তালিকায় শীর্ষেই যে ভারত-পাকিস্তান ম্যাচ, এটা নতুন করে বলার কিছু নেই। সে কারণেই সম্ভাব্য বিপুল পরিমাণ আর্থিক রাজস্ব ক্ষতি এড়াতে যেকোনো মূল্যে ম্যাচটা মাঠে গড়াতে সর্বোচ্চ চেষ্টা চালাতে থাকে আইসিসি।
আইসিসির সেই চেষ্টা অবশ্য সফল হয়েছে। গতকাল নিজেদের আগের অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান। দেশটির সরকার জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে পাকিস্তান। আর এই সিদ্ধান্তই অন্তত ১৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। বাংলাদেশি অর্থ মূল্যে যার পরিমাণ প্রায় ২ হাজার ১২০ কোটি টাকা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস উল্লেখ করেছে, ভারত-পাকিস্তান ম্যাচটা না হলে ‘সম্প্রচারস্বত্ব, গেট মানি (টিকিট বিক্রি) ও অন্যান্য স্পনসরশিপ সংক্রান্ত ক্ষতি মিলিয়ে মোট ক্ষতির অঙ্ক প্রায় ১৭ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছাতে পারত।’
শুধু তাই নয়, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানানোয় শুধু আইসিসির রাজস্ব ক্ষতিই এড়ায়নি, এর প্রভাব পড়েছে বিমানের টিকিটের দামেও। পাকিস্তানের সিদ্ধান্ত জানানোর কয়েক মিনিটের মধ্যেই মু্ম্বাই-কলম্বো-মুম্বাই রুটের টিকিটের দাম নির্ধারিত মূল্যের চেয়ে ১০ হাজার রুপি করে বেড়েছে।