গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ভারত। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ(২৫৬) রানের সংগ্রহ পাওয়া ভারত ৭২ রানের বড় জয় পাওয়ার পর দুঃসংবাদ পেয়েছে। দলটির ক্রিকেটার রিংকু সিং তাঁর বাবাকে হারিয়েছেন।
আজ শুক্রবার চতুর্থ স্তরের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন তাঁর বাবা খাঁনচান্দ সিং। গ্রেটার নয়ডার ইয়াথার্থ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চলতি সপ্তাহের শুরুতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে থাকা রিঙ্কু জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে বাবাকে দেখতে বাড়ি গিয়েছিলেন। কে জানত সেই দেখাই শেষ দেখা হবে তাঁর।
গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে রিংকু সিং একাদশে না খেললেও বিকল্প ফিল্ডার হিসেবে মাঠে নামেন তিনি।
রিঙ্কুর ক্রিকেটজীবনে তাঁর বাবার অবদান ছিল অসামান্য। ভারতের আলিগড়ে এলপিজি সিলিন্ডার সরবরাহের কাজ করতেন রিংকু সিংয়ের বাবা। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ছেলের ক্রিকেট স্বপ্ন পূরণে কখনো পিছপা হননি খাঁনচান্দ সিং।