সর্বশেষ নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে বোর্ড পরিচালনার জন্য ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।
এই কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। কমিটির বাকি সদস্যরা হলেন – রাশনা ইমাম, মীর্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানী, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল আহসান আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন। আমিনুল আহসান জানান, অ্যাডহক কমিটির এই তালিকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠানো হবে। বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেওয়ার কথাও আইসিসিকে ই-মেইলে জানানো হয়েছে।
তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন অ্যাডহক কমিটির মেয়াদ তিন মাস বলে জানা গেছে। তিন মাসের মধ্যে বিসিবিতে নির্বাচন আয়োজন করবেন তাঁরা। এর আগ পর্যন্ত সব ধরনের ক্রিকেট সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করবে। এই কমিটির কার্যক্রম আজ এই মুহূর্ত থেকেই শুরু হয়েছে বলে জানিয়েছে ক্রীড়া পরিষদ।