বাংলাদেশের ক্রিকেটে গতকাল ভিন্ন এক উদ্যোগ গ্রহণ করেছে বিসিবি। দেশের ক্রিকেটের অধিনায়কদের সম্মান জানাতে ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ একটি কার্ড প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার মেয়াদ থাকবে আজীবন।
গতকাল দেশের মোট ৩৩ অধিনায়ক এই সম্মাননা পেয়েছেন। ছেলেদের জাতীয় দলের ২৭ জন এবং মেয়েদের জাতীয় দলের ৬ অধিনায়ক পেয়েছেন বিশেষ এই কার্ড।
কী থাকছে এই কার্ডে? কেমন সুবিধা পাবেন ক্রিকেটাররা- তা স্পষ্ট করে জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।
গতকাল অধিনায়কদের কাছে এই কার্ড দেওয়ার আগে তামিম জানান, ‘আপনারা যে টিকিট পেতেন সেটা থাকবে, কিন্তু সেটা হবে আপনার পরিবার, সন্তানদের জন্য। আপনারা বাংলাদেশ ক্রিকেটের জন্য যা করেছেন, তার মূল্য কোনো টিকিট দিয়ে হয় না। এটা শুধু আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা সম্মান।’
কার্ডধারী অধিনায়কদের জন্য স্টেডিয়ামে বিশেষ গাড়ি পার্কিং সুবিধা থাকবে। এই ব্যাপারে বোর্ডের প্রধান তামিম বলেন, ‘খুব ছোট একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ- কার পার্কিং। অনেক সময় আমাদের গাড়ি বাইরে রাখতে হয়, অনেক ক্যাপ্টেনকে রাস্তা থেকে হেঁটে এসে গেট দিয়ে ঢুকতে হয়। এটা হতে পারে না। মিরপুর প্রিমিসেসের ভেতরে যেটাকে আমরা ভিভিআইপি বলি- আমাদের কাছে আপনাদের চেয়ে বড় ভিভিআইপি আর কেউ না। তাই আপনারাই অগ্রাধিকার পাবেন।’
ক্যাপ্টেনস কার্ডের মাধ্যমে অধিনায়করা অবসরের পর জাতীয় দলের ক্রিকেটারদের মতোই স্বাস্থ্যবিমা সুবিধা পাবেন। অধিনায়কদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম ২৪ ঘণ্টা সেবা দেওয়ার জন্য থাকবে।
ডাক্তারদের সেবা দেওয়া নিয়ে তামিম বলেন,‘ক্যাপ্টেনরা যখনই অবসর নেবেন- যারা নিয়েছেন বা ভবিষ্যতে নেবেন- তারা জাতীয় দলের ক্রিকেটারদের মতোই স্বাস্থ্যবিমা পাবেন। আমাদের নিজস্ব মেডিকেল টিম আছে। অনেকের বয়স হয়েছে, কেউ হয়তো ভাবেন রাতে অসুস্থ হলে কী হবে। আজ থেকে বিসিবির মেডিকেল টিম ২৪ ঘণ্টা আপনাদের জন্য থাকবে। ডাক্তারকে আলাদা করে ফোন করা বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার নেই। যদি প্রয়োজন হয়, সেটা ঠিক করার দায়িত্ব বিসিবির।’
প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থার খোঁজখবরও বিসিবি নিয়ে দেবে বলে জানান তামিম, ‘যদি বিদেশে চিকিৎসা দরকার হয়, কোথায় ভালো চিকিৎসা পাওয়া যাবে- সেটা খুঁজে বের করার দায়িত্বও বিসিবির মেডিকেল টিমের।’
ভবিষ্যতে বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় হওয়ার সঙ্গে সঙ্গে কার্ডের সুবিধাও বাড়বে। এই ব্যাপারে বোর্ড প্রধান বলেন, ‘বিসিবি যত বড় হবে, এই কার্ডের সুবিধাও তত বাড়বে। আমরা আরও নতুন সুবিধা যোগ করব। এটা খুব বড় কিছু নয়, কিন্তু একটা শুরু। বিসিবির পক্ষ থেকে আপনাদের প্রতি ছোট্ট একটা সম্মান।’