৯ বলে ৪ রানে ২ উইকেট.. নড়েচড়ে উঠল বাংলাদেশ

আগে ব্যাট করতে নেমে শুরুর দিকে ধীরগতির ক্রিকেট খেললেও পাওয়ার প্লের পর নিজেদের গতি বাড়িয়েছে নিউজিল্যান্ড। ১০ ওভারে ১ উইকেটে ৩৮ রান তোলা কিউইরা মাঝ ওভারে ছন্দ ফিরে পায়। ওপেনার হেনরি নিকোলস ও উইল ইয়াংয়ের ব্যাটে দ্বিতীয় উইকেট জুটিতে পঞ্চাশ রানেরও বেশি যোগ করে কিউইরা। 

তবে দলীয় একশ রান পার করার আগে ৩০ রান করা উইল ইয়াংকে হারায় নিউজিল্যান্ড। রিশাদ হোসেনের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন ইয়াং। 

এরপর তৃতীয় উইকেটে সফরকারীদের হাল ধরেন অধিনায়ক টম ল্যাথাম ও ওপেনার নিকোলস। সিরিজের প্রথম ফিফটির দেখা পেয়ে যান নিকোলস। তৃতীয় উইকেটে দলীয় এক শ রান পার করার পর যখন রানের গতি বাড়ানোর চেষ্টা করছিল নিউজিল্যান্ড তখন মেহেদী হাসান মিরাজ আঘাত হানেন। 

প্রতিপক্ষ অধিনায়ক টম ল্যাথামকে ২৭তম ওভারে বোল্ড করেন মিরাজ। ১৫ বলে ১৪ রান করে ফিরেন এই বাঁহাতি ব্যাটম্যান। অধিনায়কের বিদায়ের পর আরেক বাঁহাতি ওপেনার নিকোলসও বেশিক্ষণ টিকতে পারেননি। পরের ওভারেই রিশাদ হোসেনের স্পিনে সুইপ শট খেলতে গিয়ে লিটন দাসের কাছে ক্যাচ দিয়ে বসেন ৬৮ রান করা নিকোলস। 

দলীয় ১২৭ রানে ২ উইকেট থেকে ১৩১ রানে ৪ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। পঞ্চম উইকেটে ক্রিজে আছেন মোহাম্মদ আব্বাস ও ডিন ফক্সক্রফট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৩ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান।