মে-তে পাকিস্তান, জুনে আসছে অস্ট্রেলিয়া— সূচি প্রকাশ

গত মাসে বাংলাদেশ সফর করে গেছে পাকিস্তান ক্রিকেট দল। ওই সফরে ওয়ানডে ও টেস্ট সিরিজ একসঙ্গে খেলার কথা থাকলেও পিএসএলের কারণে শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেই নিজ দেশে ফিরে গেছেন পাকিস্তানি ক্রিকেটাররা।

বাকি থাকা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু পাকিস্তান নয়, বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দলও। বিসিবি জানিয়েছে, আসন্ন সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ জাতীয় দল। এরপর দুদল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আগামী ২ মে হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষের একদিন (৩ মে) পরই বাংলাদেশে আসার কথা পাকিস্তান দলের।

৮ মে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের পরের টেস্টটি খেলতে সিলেট যাবে দুদল। সেখানে ১৬ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

পাকিস্তান দল বাংলাদেশ ছাড়ার সপ্তাহ দুয়েক পর আসবে অস্ট্রেলিয়া দল। শুরুতে ওয়ানডে সিরিজ ৫ জুন শুরু হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ৯ জুন করা হয়েছে। ১১ ও ১৪ জুন হবে সিরিজের পরের দুই ম্যাচ। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ১৭, ১৯ ও ২১ জুন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ঢাকায়, আর টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। তবে বিসিবির পক্ষ থেকে এখনো ভেন্যু চূড়ান্ত করা হয়নি।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছরে এই প্রথমবার বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। এর আগে সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল দলটি। মাইকেল ক্লার্কের নেতৃত্বে ওই সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।