দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল, এটা গতকাল শুক্রবারই নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি ওই সিরিজের সূচিও ঘোষণা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এর একদিন পর, আজ শনিবার টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৬ সদস্যের এ দলে যথারীতি নেতৃত্বে থাকছেন শান মাসুদই। তবে নতুন কোচের অধীনে বাংলাদেশে আসবে পাকিস্তান। এই সিরিজে দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।
পাকিস্তানের স্কোয়াডে এবার ডাক পেয়েছেন চার নতুন মুখ-আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মোহাম্মদ গাজী ঘোরি। এর মধ্যে আজান আওয়াই, গাজী ঘোরির সঙ্গে বর্তমানে লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) লাল বলের ক্যাম্পে আছেন ইমাম-উল-হক, নোমান আলী এবং সাজিদ খান। আর স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটারদের অধিকাংশই খেলছেন চলমান পিএসএলে।
আগামী ৩ মে হবে পিএসএলের ফাইনাল। বিসিবি জানিয়েছে, ওই দিনই বাংলাদেশে আসার কথা পাকিস্তান দলের। এরপর ৮ মে মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর পরের ম্যাচটি খেলতে সিলেট যাবে দুদল। সেখানে ১৬ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
স্কোয়াডের পাশাপাশি টিম ম্যানেজমেন্টের তালিকাও প্রকাশ করেছে পিসিবি। সে তালিকা অনুসারে, বাংলাদেশ সফরে পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন আসাদ সফিক। আর বোলিং কোচের দায়িত্ব সামলাবেন উমর গুল। এছাড়া ফিল্ডিং কোচের দায়িত্বে আছেন আবদুল সাদ।
পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট দল:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল এবং শাহীন শাহ আফ্রিদি।