পূর্বাচল স্টেডিয়াম নিয়ে তামিম, ‘কিছু কিছু ডিজাইন পরিবর্তন করা জরুরি’

পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)-এর নির্মাণ কাজ অনেক দিন ধরেই থেমে আছে। কয়েক দফা বোর্ড প্রধান পরিবর্তন হলেও পুরোদমে নির্মাণ কাজ কখনো শুরু হয়নি। এমনকি এই স্টেডিয়ামের উইকেট তৈরির মাটি চুরির মতো ঘটনাও ঘটেছে। 

অবশেষে আজ পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। সেই সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

পরিদর্শন শেষে বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল জানিয়েছেন, এই স্টেডিয়ামের ডিজাইনের কিছু পরিবর্তন জরুরি। স্টেডিয়ামকে শুধু ক্রিকেটের জন্যই ব্যবহার করতে চায় না বিসিবি।  

এই ব্যাপারে সাংবাদিকদের তামিম বলেন, ‘আজকে মাননীয় মন্ত্রী (ক্রীড়া প্রতিমন্ত্রী) এসেছেন, আমরা আজকে পুরো ডিজাইনটা তাকে শো করেছি, প্রেজেন্ট করেছি। এখানে কিছু পরিবর্তন জরুরি। পরিবর্তন করব শুধু পরিবর্তন করার জন্য না। কিছু কিছু ডিজাইন পরিবর্তন করা জরুরি।’

ক্রিকেটের বাইরেও অন্য খেলার ভাবনা নিয়ে স্টেডিয়ামের নির্মাণ কাজ করা হবে বলে জানান বিসিবি প্রধান, ‘এটা অনেক বড় একটা প্রোপার্টি (সম্পদ)। এখানে আমাদের চেষ্টা থাকবে ক্রিকেটের সাথে মাননীয় মন্ত্রী বললেন কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি যুক্ত করে নিতে পারি তাহলে আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে। টাকার দিক থেকে ক্রিকেট বোর্ডের অবস্থান হয়তবা অন্য অনেক বোর্ডের চেয়ে ভালো। আমাদেরও দায়িত্ব অন্য স্পোর্টসকে দেখাশোনা করা।’

স্টেডিয়ামের ডিজাইন নিয়ে তামিম বলেন, ‘যারা আমাদের এটার ডিজাইন করেছেন তাদের সাথে আলোচনা করবো। অন্য কারোর সাথে যদি কথা বলার দরকার তাদের সাথে আলোচনা করে এনএসসির সাথে একসাথে মিলে, কারণ এখানে সরকারের অনেক বড় ইনভেস্টমেন্টের দরকার পড়বে যদি আমরা একটা বড় স্টেডিয়াম করতে চাই।’