প্রস্তুতি ম্যাচের মতো কিছু হবে না, বিশ্বাস করেন শান্ত

ঐতিহাসিক এক টেস্ট সিরিজের সামনে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট। বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু এ ম্যাচের আগে বাংলাদেশের প্রস্তুতিটা মোটেও ভালো হয়নি।

অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৩ দিনের ওই প্রস্তুতি ম্যাচে আড়াই দিন না যেতেই হেরেছে বাংলাদেশ। সেটাও আবার ইনিংস ব্যবধানে। এরমধ্যে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ৫৪ রানেই!

প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও শান্ত জানিয়েছেন, মূল টেস্টে এরকম হবে না। বরং বাংলাদেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।

সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, 'প্রস্তুতি ম্যাচের কথা যদি বলি, সত্যি বলতে, এরকম ম্যাচ আমরা আগেও খেলেছি। এরকম একটা খারাপ দিন যেতেই পারে। আমি বিশ্বাস করি টেস্ট ম্যাচে এরকম দিন আসবে না। এটা স্রেফ একটা প্রস্তুতির ধাপ ছিল। এখন আগামীকাল থেকে একটা লড়াই শুরু হবে। সেই চ্যালেঞ্জটা আমরা কত ভালোভাবে গ্রহণ করছি সেটাই গুরুত্বপূর্ণ। সবাই সেটার জন্য প্রস্তুত।'

বাংলাদেশ অধিনায়ক যোগ করেন, 'ওটা ছিল একটা প্রস্তুতি ম্যাচ এবং এমনটা হতেই পারে। আমরা নিজেদের প্রস্তুত করার জন্য এখানে আগেভাগেই এসেছি। আমি মনে করি আমরা নিজেদের খুব ভালোভাবে প্রস্তুত করেছি এবং আমরা বেশ আত্মবিশ্বাসী যে এখানে আমরা ভালো ক্রিকেট খেলব।'