২ ওভারে ৪১ রান দিলেন মোস্তাফিজ, সেমিতে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে ছেলেদের ইভেন্টের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে স্বর্ণ পদকের আশা শেষ হয়েছে বাংলাদেশের। ফাইনালে ওঠার লড়াইয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছেন লিটন দাসরা।

বৃষ্টি আর ভেজা মাঠের কারণে ম্যাচটি নেমে এসেছিল ১৩ ওভারে। আগে ব্যাটিং করে নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। রান তাড়ায় ইনিংসের ৯ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার করতে গিয়ে ২৩ রান রান দেন মোস্তাফিজ।

বাঁহাতি পেসারের ওই খরুচে ওভারের পর পাকিস্তানের সমীকরণ নেমে আসে ১৮ বলে ২৩ রানে। অর্থাৎ ম্যাচ পুরোপুরি পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। পরের ৯ বলেই সেই সমীকরণ মিলিয়ে দেন আবদুল সামাদ ও হাসান নেওয়াজ। পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার সময় সামাদ ১৫ বলে ৩০ রানে অপরাজিত, আর নওয়াজের নামের পাশে ২২ বলে অপরাজিত ২৭ রান।

অন্যদিকে ম্যাচটা পাকিস্তানের হাতে তুলে দেওয়া মোস্তাফিজ আজ ভুলে যাওয়ার মতো একটা দিন কাটিয়েছেন। বল হাতে দুই ওভারে ৪১ রান দিয়েছেন বাঁহাতি পেসার। এছাড়া নাসুম আহমেদ ৩ ওভারে দিয়েছেন ৩৩ রান। এর বাইরে শেখ মেহেদী ৩ ওভারে ১৭ রান, রিশাদ ২.৩ ওভারে ১২ রান ও শরীফুল ১ ওভারে ৭ রান দিয়েছেন। বোলারদের মধ্যে শরীফুল বাদে বাকি ৪ জনই একটি করে উইকেট নিয়েছেন।