মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার যে এবার কাভান সুলিভানের হাতে উঠতে যাচ্ছে, সেটা অনুমিতই ছিল। সেই অনুমান বাস্তবে রূপ নিয়েছে। ঐতিহাসিক এক মৌসুম কাটানোর স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত এই অ্যাটাকিং মিডফিল্ডার।
সাধারণত এমএলএসে খেলা ২২ বছর বা তার চেয়ে কমবয়সী ফুটবলারকে এই পুরস্কার দেওয়া হয়। সেই হিসেবে এবারের পুরস্কারের জন্য বিবেচিত ছিলেন ২০০৪ সালের ১ জানুয়ারি বা এর পরে জন্ম নেওয়া খেলোয়াড়েরা। এমএলএস ক্লাবগুলোর টেকনিক্যাল স্টাফ, গণমাধ্যমকর্মী এবং লিগের বর্তমান ফুটবলারদের ভোটে নির্বাচিত হন বিজয়ী।
উল্লেখযোগ্য বিষয় হলো, ভোটের তিনটি বিভাগেই সবার চেয়ে এগিয়ে ছিলেন সুলিভান (৬৫.০৬ শতাংশ)। পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের আরও দুই তরুণ ফুটবলার জুলিয়ান হল ও রেড বুল নিউইয়র্কের আদি মেহমেতিকে।
মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে এমএলএসের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হলেন কাভান। এমএলএস ইতিহাসে এত কম বয়সে এই পুরস্কার জিততে পারেননি আর কোনো ফুটবলার।
অবশ্য নিজের প্রথম পূর্ণ মৌসুমেই কাভান সুলিভান যা করেছেন, তাতে এই পুরস্কারটা তাঁর প্রাপ্যই ছিল। মৌসুমজুড়ে খেলা ২৯ ম্যাচে ২৩ গোলে অবদান রেখেছেন সুলিভান। যা এমএলএস ইতিহাসে এক মৌসুমে কোনো তরুণ ফুটবলারের ক্ষেত্রে সর্বোচ্চ। সেখানেই শেষ নয়, ৯ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৪ গোলে। যুক্তরাষ্ট্রের এ লিগে কোনো তরুণ ফুটবলার এক মৌসুমে এত অ্যাসিস্ট করতে পারেননি এর আগে। এছাড়া প্রথম তরুণ ফুটবলার হিসেবে এমএলএসে টানা ১০ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করেছেন কাভান।
ক্লাব ফুটবলে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সেপ্টেম্বরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পান সুলিভান। এরপর পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তাঁর। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে জায়গা করে নেন তিনি।
শুধু একাদশে জায়গা করেই সন্তুষ্ট থাকেননি সুলিভান। রেকর্ড গড়েছেন গোল করেও। মেক্সিকোর বিপক্ষে গোল করে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতার রেকর্ড গড়েন তিনি। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর ৫ দিন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফুটবলে একের পর এক ইতিহাস গড়া কাভান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলা রোনান ও ডেকলান সুলিভানের ভাই।


