সাউথ আফ্রিকায় বাংলাদেশের টেস্টের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ২০২২ সালের আগে তো কেউই সাদা পোশাকে সাউথ আফ্রিকায় সেঞ্চুরি করতে পারেননি। তবে ২০২২-এ মাহমুদুল হাসান জয়ের পর এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েছেন তাওহীদ হৃদয়।
আজ জোহানেসবার্গে টেস্টের প্রথম দিনে ২২ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল, তখন দলের হাল ধরেন তাওহীদ হৃদয়। ক্রিজে নেমে শুরুতে তানজিদ তামিম ও দিন শেষে লিটন দাসের সঙ্গে জুটি গড়ে দলের সংগ্রহ নিয়ে গেছেন ৬ উইকেটে ৩২৭ রানে। তবে মার্কো ইয়ানসেনের দিনের শেষ বলে এলবিডাব্লিউ হয়ে ১৩৭ রানে ফিরেছেন হৃদয়।
১২১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দ্রুত অলআউট হওয়ার শঙ্কায় ছিল। কিন্তু হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিং ও লিটন দাসের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ। এ দুজনে মিলে ২০৬ রানের জুটি গড়েন।
যা হোম-অ্যাওয়ে সব মিলিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি। এতদিন এই রেকর্ডটি ছিল ১৩৮ রানের, যা মিরপুরে ২০২৪ সালে করেছিলেন জাকের আলী ও মেহেদী হাসান মিরাজ।
রেকর্ড জুটির দিনে ১৯৪ বলে সেঞ্চুরি দেখা পান হৃদয়।
সাউথ আফ্রিকার মাটিতে কদিন আগেই এ দলের হয়ে ত্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন তিনি। এবার জাতীয় দলের জার্সিতে করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
দিন শেষে বাংলাদেশের হয়ে ৯২ রানে ক্রিজে আছেন লিটন দাস।
এর আগে ব্যাট করতে নেমে রীতিমত হতাশ করেছে বাংলাদেশের টপ অর্ডার। অভিষিক্ত মাহফিজুল রবিন ফিরেছেন ১ বলে ০ রানে, মুমিনুল হকের প্রাপ্তি ৭ বল- স্কোর সেই একই শূন্য। নাজমুল হোসেন শান্ত খানিকটা সময় ক্রিজে থাকার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরেছেন মাত্র ১২ রানে।
শুরুর ৩ উইকেটই নেন কাগিসো রাবাদা। এরপর তামিমকে সঙ্গ দেন হৃদয়। এই দুই ব্যাটার মিলে দলীয় এক শ রান পার করেন। তামিম ৬৭ রান করে রাবাদার বলে বোল্ড হয়ে ফেরেন। পরের গোল্ডেন ডাক দিয়ে ফেরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
১২১ রানে ৩ উইকেট থেকে কোনো রান যোগ না করেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপরের গল্পটা শুধুই হৃদয়-লিটন জুটির। সাউথ আফ্রিকার হয়ে একাই ৫ উইকেট নেন রাবাদা।