১৫০ বছরেও কেউ পারেননি, লিটন গড়লেন বিশ্ব রেকর্ড 

১৫০ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন কীর্তি কেউই করতে পারেননি। তবে জোহানেসবার্গ টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই বিশ্ব রেকর্ডই গড়লেন লিটন দাস। 

এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের মালিক এখন লিটন দাস। সাউথ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে উইকেটের পেছনে রীতিমতো ইতিহাস গড়েছেন লিটন।

প্রোটিয়াদের ১০ ব্যাটসম্যানের মধ্যে ৮ জনের উইকেটেই সরাসরি অবদান রেখেছেন বাংলাদেশের এই উইকেটকিপার। আর তাতেই ৮ ডিসমিসালের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন লিটন।

সাউথ আফ্রিকার প্রথম ইনিংসে ৬টি ক্যাচ এবং ২টি স্টাম্পড আউট এসেছে লিটনের হাত ধরে। ১৫০ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা এতদিন কেউই করতে পারেননি। 

লিটনের ইতিহাস। ছবি: সংগৃহীত

এর আগে টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ডিসমিসালের বিশ্ব রেকর্ড ছিল। সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা।

কিন্তু এবার সবাইকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডের মালিক লিটন দাস। 

জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনে মেহেদী হাসান মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে ৭ ডিসমিসালের রেকর্ডে ভাগ বসান লিটন।

এরপর কাগিসো রাবাদাকেও স্টাম্পিং করে সংখ্যাটা নিয়ে যান ৮-এ!

আর তাতেই ১৫০ বছরের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্ব রেকর্ড নিজের করে নেন তিনি।

তবে এখানেই শেষ নয়! টেস্টের দুই ইনিংস মিলিয়ে উইকেটকিপারের সর্বোচ্চ ১১ ডিসমিসালের রেকর্ডও হাতছানি দিচ্ছে তাঁকে। দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা ব্যাট করলে সেই রেকর্ডও নিজের করে নিতে পারেন লিটন।