মাতৃত্বকালীন ছুটিসহ নারী ক্রিকেটারদের আরও যেসব সুবিধা দিচ্ছে বিসিবি

নারী ক্রিকেটারদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পথে হাঁটছে বিসিবি। যা এতদিন হয়নি তা-ই বাস্তবায়নের করতে যাচ্ছে তামিম ইকবালের বোর্ড। আজ (২২ নভেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবাল নারী ক্রিকেটারদের জন্য মাতৃত্বকালীন ছুটিসহ আরও একাধিক নীতিমালা গ্রহণের কথা জানিয়েছেন।

নতুন এক নীতিমালার অধীনে বাংলাদেশের নারী ক্রিকেটাররা মাতৃত্বকালীন ছুটি, পূর্ণ বেতন-ভাতা, আর্থিক সহায়তা এবং সন্তান জন্মের পর পুনরায় ক্রিকেটে ফেরার সুযোগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন।

সংবাদ সম্মেলনে তামিম বলেন,‘নারী ক্রিকেটাররা যখন গর্ভবতী হবেন, তখন তাদের মাতৃত্বকালীন ছুটি এবং পরবর্তী সময়ে আবার খেলায় ফেরার বিষয়টি কীভাবে পরিচালিত হবে, সে ব্যাপারে আমরা ইতিমধ্যে একটি নীতিমালা তৈরি করেছি। বিষয়টি বোর্ডে অনুমোদিত হয়েছে গত ২৮ তারিখে।'

নতুন নীতিমালা অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটাররা মাতৃত্বকালীন ছুটির পুরো সময় তাঁদের মূল বেতন ও নির্ধারিত ভাতা পাবেন। 

নীতিমালার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সন্তান জন্মের পর নারী ক্রিকেটারদের মাঠে ফেরার প্রক্রিয়া। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘রিটার্ন টু প্লে পোস্ট-প্রেগন্যান্সি গাইডলাইন’ অনুসরণ করা হবে। প্রয়োজন অনুযায়ী পুনর্বাসন, ফিটনেস ট্রেনিং এবং ধাপে ধাপে অনুশীলনে ফেরার ব্যবস্থা থাকবে।

বিসিবির এই উদ্যোগের মূল লক্ষ্য, মাতৃত্বের কারণে যেন কোনো নারী ক্রিকেটারকে নিজের পেশাদার ক্রিকেট ক্যারিয়ার থেকে সরে দাঁড়াতে না হয়। আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যগত পুনর্বাসন ও সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে নারী ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ে তোলার পথ সুগম করতে চায় ক্রিকেট বোর্ড।