সাউথ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে এমন বড় ব্যবধানে হারের পরও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রাপ্তি জায়গা দেখছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা বিশেষ করে প্রথম ইনিংসে যেভাবে ব্যাটিং করেছি, তাতে আমি খুবই খুশি। সাধারণত এমন পরিস্থিতিতে আমরা টস জিতে প্রথমে ব্যাট করার সুযোগ পাই না। কিন্তু এবার এটা আমাদের জন্য অনেক বড় ইতিবাচক দিক ছিল। গত কয়েক বছরে আমার মনে হয়, আমাদের ফাস্ট বোলাররা অসাধারণ কাজ করছে। আর এটাই অনেক পরিবর্তন এনেছে।’
প্রথম ইনিংসে ৪০০ রান করার পর বাংলাদেশ এই টেস্টে ভালো পজিশনে থাকবেন বলেই ধারণা ছিল অনেকের। কিন্তু অ্যাকারম্যান-রিকেলটনের সেঞ্চুরিতে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
প্রথম ইনিংসে এত রান করেও কেন জিততে পারেনি বাংলাদেশ। এম্ন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমার মনে হয়, বিশ্বের সেরা দলের বিপক্ষে খেললে, খুব বেশি ভুল করা যাবে না। বিশেষ করে বোলিংয়ের ক্ষেত্রে। আমরা অনেকগুলো নো-বল করেছি এবং ক্যাচও ফেলেছি। আমার বিশ্বাস, এই ভুলগুলোর কারণেই আমরা ম্যাচটি হেরেছি। এমন ভুল হতেই পারে। কিন্তু যখন আমরা বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলি, তখন আমাদের এমন ভুল করা চলবে না।’
জোহানেসবার্গে হারলেও বাংলাদেশের বড় প্রাপ্তি লিটন-হৃদয়ের সেঞ্চুরি। দলের ব্যাটিং নিয়ে অধিনায়ক শান্ত বলেন, ‘আমার মনে হয়, আমরা যেভাবে ব্যাটিং করেছি, বিশেষ করে লিটন ও হৃদয় যেভাবে খেলেছে, তা খুবই ভালো ছিল। হৃদয় মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলেছে। কিন্তু সে যেভাবে ব্যাটিং করেছে, তা দেখে আমি সত্যিই খুব খুশি। আমি আশা করি, এই আত্মবিশ্বাস আমাদের পরবর্তী ম্যাচেও ধরে রাখতে সাহায্য করবে।’
আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্ট।


