বিশ্বকাপ জেতায় আর্জেন্টিনার কাজটা আরও কঠিন হয়ে গেছে?

কাতারে বিশ্বকাপ জেতার প্রায় নয় মাস পেরিয়ে গেছে, এখনো যেন সেটির উদ্‌যাপন পুরোপুরি শেষ হয়নি আর্জেন্টিনার। কিন্তু সময় তো আর্জেন্টিনার জন্য বসে নেই, আর্জেন্টিনা দলও বিশ্বকাপে বুঁদ হয়ে নেই। আরেকটি বিশ্বকাপের বাছাইপর্ব আজ শুরু হয়ে গেছে, অধিনায়ক লিওনেল মেসির দারুণ ফ্রি-কিকে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে বাছাইপর্বে আজ শুভসূচনাও হয়েছে আর্জেন্টিনার।

এ ম্যাচের পর মেসির উপলব্ধি, বিশ্বকাপ জেতায় আর্জেন্টিনার কাজটা আরও কঠিন হয়ে গেছে। বিশ্বকাপ জেতার কারণেই এখন আর্জেন্টিনাকে অন্য দলগুলো আরও বেশি করে হারাতে চায় বলে মনে হচ্ছে মেসির।

ইকুয়েডরের বিপক্ষে আজ ম্যাচটা সহজ ছিল না আর্জেন্টিনার জন্য। রক্ষণ আঁটসাট রেখে পালটা আক্রমণনির্ভর কৌশলে খেলে ইকুয়েডর, তাদের দুই উইংব্যাক গতিশীল, মাঝমাঠে কাইসেদো-গ্রেসোদের শারীরিক শক্তি প্রয়োগের পাশাপাশি প্রতিপক্ষকে জায়গা না দেয়ার মতো দমও আছে। সব মিলিয়ে আজ আর্জেন্টিনাকেও শুরু থেকে সুযোগ তৈরি করতে দেয়নি ইকুয়েডর। অবশেষে তালা ভাঙে ৭৮ মিনিটে মেসির চোখধাঁধানো ফ্রি-কিকে।

তবে কষ্ট হলেও জয় তো এসেছে। এতেই আপাতত তৃপ্তি মেসির। ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়কের বিশ্লেষণ, ‘বাছাইপর্বে এ ম্যাচগুলো কতটা কঠিন হতে পারে তা আমরা জানি। ইকুয়েডরের দারুণ কয়েকজন খেলোয়াড় আছে, ওরা জানে দল হিসেবে ওরা কীভাবে খেলতে চায়, শারীরিক শক্তিও বেশ ভালো ওদের। ম্যাচটা তাই কঠিন ছিল আমাদের জন্য, শরীরের জোরের খেলাও হয়েছে এখানে।’

কঠিন ম্যাচ ছিল বলেই তৃপ্তিটাও বেশি মেসির, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি বেশিদিন হয়নি। কিন্তু মনে হচ্ছে এর মধ্যেই কত কিছু ঘটে গেছে! আমাদের এভাবে পরিশ্রম করে যেতে হবে, প্রতিদ্বন্দ্বীতা করতে হবে, ম্যাচ ধরে ধরে ভালো খেলার চেষ্টা করে পরের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে হবে।’

কিন্তু মাস নয়েক আগে কাতারে বিশ্বকাপ জেতায় এখন আর্জেন্টিনার কাজটা আগের চেয়েও কঠিন হয়ে গেছে বলে মনে হচ্ছে মেসির, ‘(বিশ্বকাপের পর) প্রীতি ম্যাচেও যা বোঝা গেছে, আজ পয়েন্টের জন্য ঝাঁপিয়েও সেটা আরেকবার বোঝা গেল, তা হলো, আমাদের খেলোয়াড়দের এই গ্রুপটা কখনো গা এলিয়ে দেবে না। সবাই আর্জেন্টিনাকে হারাতে চায়। এখন যেহেতু আমরা বিশ্বচ্যাম্পিয়ন, এখন আরও বেশি করেই চায়।’