এ এক ধাঁধা যেন! লিওনেল মেসি কি কাল আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন?
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে কাল বাংলাদেশ সময় ভোর ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের মাঠে নামছে আর্জেন্টিনা। ম্যাচটা বাংলাদেশে ফিফা প্লাস ওয়েবসাইটে কিংবা অ্যাপে দেখতে পারার কথা।
তা এই ম্যাচের আগে লিওনেল স্কালোনির দলকে ঘিরে বড় প্রশ্ন তো এটিই – মেসি কি খেলবেন!
চোট যে ৩৬ বছর বয়সী আর্জেন্টিনা অধিনায়কের পিছুই ছাড়ছে না। গত ৮ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বেই বলিভিয়ার মাঠে আর্জেন্টিনার ম্যাচ থেকে হিসাব করলে এ পর্যন্ত এক মাসে মেসির মাঠে সময় কেটেছে মাত্র দুই ম্যাচে ৭২ মিনিট! ইন্টার মায়ামির হয়ে একের পর এক ম্যাচ ডাগআউটে না হলে ভিআইপি গ্যালারিতে কাটিয়ে দিচ্ছেন। মেসিকে ঘিরে তো প্রশ্ন উঠবেই!
অবশ্য আর্জেন্টিনা সমর্থকদের জন্য আশার বাণী, মেসি গত এক মাসে যে দুটি ম্যাচে ৭২ মিনিট খেলেছেন, তার মধ্যে ৩৫ মিনিট এসেছে ৮ অক্টোবর ইন্টার মায়ামির জার্সিতে, মেজর লিগ সকারে শিকাগোর বিপক্ষে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমে গুঞ্জন, মেসি কাল ম্যাচের পুরোটা খেলছেন না। আর্জেন্টিনা দলসংশ্লিষ্ট খবরের ক্ষেত্রে বিশ্বস্ত সাংবাদিক গাস্তন এদুল এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছেন, মেসি হয়তো ৪০ মিনিটের মতো খেলতে পারেন, বড়জোর একটা অর্ধ। সেটা দ্বিতীয়ার্ধেই হওয়ার কথা। সে ক্ষেত্রে আক্রমণে প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথমবার আর্জেন্টিনা দেখতে যাচ্ছে লওতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেসের জুটি।
এ দুজনের সঙ্গে আক্রমণে থাকছেন মৌসুমের শুরু থেকে ফিওরেন্তিনার জার্সিতে দারুণ ফর্মে থাকা নিকোলাস গনসালেস। মাঝমাঠে এনসো ফের্নান্দেস, রদ্রিগো দে পল আর আলেক্সি ম্যাকঅ্যালিস্টারের জুটি তো সম্ভবত আর্জেন্টিনার জার্সিতে আপাতত ভাঙার সম্ভাবনা নেই। রক্ষণে নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি আর নিকোলাস তাগলিয়াফিকো। গোলপোস্টে কে, তা আর বলতে হয়! এমিলিয়ানো মার্তিনেসের বিকল্প এ মুহূর্তে আর্জেন্টিনা ভাবে নাকি!