মারা গেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা স্যার ববি চার্লটন

ইংল্যান্ডের ক্রীড়াঙ্গনে আজ বেশ দুঃখের দিন। দেশটার ক্রিকেট দল নাস্তানাবুদ হয়েছে ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বসেছে ২২৯ রানে। এরই মধ্যে খবর এসেছে, মারা গেছেন ইংল্যান্ডের ফুটবল বিশ্বকাপজয়ী তারকা স্যার ববি চার্লটন।

৮৬ বছর বয়সে মারা গেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ছিলেন তিনি। ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটাও এককালে তাঁরই ছিল। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন, ১৯৬৬ সালে দলকে বিশ্বকাপ জিতিয়ে নিজে জিতেছিলেন ব্যালন দ’র-ও। আনুষ্ঠানিক বিবৃতিতে চার্লটনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শান্তিপূর্ণভাবে শনিবার সকালে মারা গিয়েছেন তিনি।’ ব্যক্তিগত ও পারিবারিক গোপনীয়তার প্রতি যেন সবাই শ্রদ্ধাশীল থাকে, এমন অনুরোধও করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

ইংল্যান্ডের হয়ে ১০৬ ম্যাচে ৪৯ আন্তর্জাতিক গোল করেছেন তিনি। খেলতেন আক্রমণাত্মক মিডফিল্ডার, লেফট উইঙ্গার, সেন্ট্রাল মিডফিল্ডার – তিন পজিশনেই। ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়েছেন ১৭ বছর, জিতেছেন তিনটি লিগ শিরোপা, একটা ইউরোপিয়ান কাপ ও একটা এফএ কাপ।