মেসি-জিদান মুখোমুখি : 'দুর্ভাগ্য যে আমরা একসঙ্গে খেলতে পারিনি'

একজন রেয়াল মাদ্রিদের কিংবদন্তি। আরেকজন বার্সেলোনার। একজন জন্মেছেন মার্শেইতে, আরেকজন খেলেছেন মার্শেইয়ের প্রবল প্রতিদ্বন্দ্বী পিএসজির হয়ে। প্রথমজনের দেশকে হারিয়েই দ্বিতীয়জন ক্যারিয়ারের সবচেয়ে বড় অপ্রাপ্তি ঘুচিয়েছেন বিশ্বকাপ জেতার মাধ্যমে। যে অপ্রাপ্তিটা প্রথম জন ঘুচিয়েছিলেন ক্যারিয়ারের শুরুর দিকেই।

কখনই একসঙ্গে খেলার সৌভাগ্য হয়নি দুজনের । তাই বলে কি দুজনের প্রতি দুজনের ভালোলাগা, সম্মান কমেছে একটুও? একদম না। দুজনকে খেলার মাঠে একসঙ্গে দেখার সৌভাগ্য ফুটবলপ্রেমীদের না হলেও, এক ফ্রেমে দেখার সৌভাগ্য হলো সম্প্রতি – বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের কল্যাণে।

বলা হচ্ছে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান ও আর্জেন্টাইন বরপুত্র লিওনেল মেসির কথা। দুজনেরই স্পনসর অ্যাডিডাস। সে সূত্রে অ্যাডিডাসের আয়োজনে হওয়া বিশেষ এক আলাপচারিতায় এক ফ্রেমে ধরা পড়েছেন দুজন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রায় তিরিশ মিনিটের সে ভিডিও ফুটবলপ্রেমীদের ভাসিয়েছে অবর্ণনীয় উচ্ছ্বাসে। দুজনের প্রতি দুজনের শ্রদ্ধা ও ভালোবাসা দেখে হয়তো দুজনকে এক দলের হয়ে খেলার মাঠে না দেখতে না পারার আক্ষেপটাও ঘুচেছে খানিক!

জিদান-মেসিও অমনটাই মনে করেন। আলাপচারিতার শুরুতেই জিদান জানিয়ে দেন, মেসির সঙ্গে এক দলে খেলতে না পারার ব্যাপারটা তাঁকে বেশ কষ্ট দেয়, ‘ব্যাপারটা লজ্জার যে আমরা কখনও একসঙ্গে খেলতে পারিনি। তাই ’

মেসির ব্যাপারে শুধু মুগ্ধতাই ঝরেছে জিদানের কণ্ঠ থেকে, ‘শুধু একটা শব্দই বলব। জাদু। (ওর খেলা দেখা) একদম জাদুর মতো। প্রতিদিন আমাদের দেখা হয়না, তাই আজ আমি ওকে জানাতে চাই আমি ওকে কতটা পছন্দ করি।’

মেসিকে নিজের চেয়েও ওপরে রেখেছেন জিদান, ‘জাদু বললাম, কারণ বল পাওয়ার আগে ও জানে ও কী করবে। আমিও একই রকম ছিলাম, বল পাওয়ার এক সেকেন্ড আগে জানতাম এক সেকেন্ড পরে কি হবে। ও আমার চেয়েও ভালো, কারণ ও (অন্তত) তিন সেকেন্ড আগে থেকে জানত তিন সেকেন্ড পরে কী হবে না হবে। তুমি যখন বল পেতে তখন আমি মোটামুটি আঁচ করতে পারি তুমি কী করবে, জানো? এটাই আমরা এক। মেসি যা করে সেটা দেখার পর আমি বলে উঠি, ‘’ব্যস, এটাই!’’ মানুষ এগুলো দেখতে চায় ফুটবল দেখতে বসলে। কিছু খেলোয়াড় আছে অমন, কিন্তু তাও ওর মতো না। ওর মতো শুধু ও-ই আছে।’

জিদানের জন্যও প্রশংসার কমতি ছিল না মেসির মুখে, ‘আমি আপনাকে অনেক পছন্দ করি। একসঙ্গে খেলার সৌভাগ্য হয়নি কখনও আমাদের। কিন্তু আমরা কিছু সময় একে অপরের বিপক্ষে খেলেছি। কোচ হিসেবেও (আপনার দলের) মুখোমুখি হয়েছি। আমার মতে আপনি ইতিহাসের অন্যতম সেরা।’

জিদান রেয়াল মাদ্রিদের হয়ে খেলতেন, ব্যাপারটা কষ্ট দিত মেসিকে, ‘আপনি যখন মাদ্রিদের হইয়ে খেলতেন তখন আপনার বিপক্ষে আমি গলা ফাটাতাম, কারণ আমি বার্সেলোনার। কিন্তু শ্রেষ্ঠ খেলোয়াড়েরা যেকোনো দল বা ক্লাবের উর্ধ্বে। আপনার সবকিছু ছিল। ভিন্ন ধরণের খেলোয়াড় ছিলেন আপনি।’