রোনালদোর অনুসারী বলে আর্জেন্টিনা সতীর্থকে আসলেই 'আনফলো' করেছেন মেসি?

আলেহান্দ্রো গারনাচো কোনোভাবেই যেন পুরোপুরি আর্জেন্টিনার হতে পারছেন না! 

তাঁর জন্ম স্পেনের মাদ্রিদে। হেতাফের পর আতলেতিকো মাদ্রিদের একাডেমি হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে গিয়েছিলেন তিন বছর আগে,  এখন ম্যান ইউনাইটেডের সিনিয়র দলে নিয়মিত ১৯ বছর বয়সী লেফট উইঙ্গার। বয়সভিত্তিক পর্যায়ে স্পেনের হয়েই খেলেছিলেন, কিন্তু মা আর্জেন্টাইন বলে সিনিয়র পর্যায়ে আর্জেন্টিনাকেই বেছে নেন। গত জুনে আর্জেন্টিনার জার্সিতে অভিষেকও হয়ে গেছে। গারনাচো কতটা আর্জেন্টাইন - এ নিয়ে তাহলে প্রশ্ন উঠছে কেন? একে তো তাঁর জন্ম আর্জেন্টিনায় নয়, তারওপর গারনাচোর 'অপরাধ' - তিনি মাদ্রিদ ও ম্যান ইউনাইটেড কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোকে আদর্শ মানেন। আদর্শ বলতে একেবারে রোনালদোকে অন্ধের মতোই অনুকরণ করেন! খেলার ধরনে যেমন, তেমন গোলের উদ্‌যাপনেও। 

সে কারণে শুরু থেকেই আর্জেন্টিনা ও লিওনেল মেসির সাধারণ ভক্তদের অনেকে গারনাচোকে আপন করে নিতে পারেননি। তাই বলে মেসি নিজেও কি গারনাচোকে পাশে ঠেলে রাখছেন? এমন গুঞ্জন বারেবারেই উঠেছে। নতুন করে উঠেছে ম্যান ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিন্যান্ডের একটা কথার পর। ফার্ডিন্যান্ড বলেছেন, রোনালদোকে অনুসরণ করেন বলেই নাকি গারনাচোকে ইনস্টাগ্রামে 'আনফলো' করেছেন মেসি! 

কিন্তু ইনস্টাগ্রামে গারনাচোর ভাইয়ের জবাবের পর ফার্ডিন্যান্ডের কথার সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে। 

গত রোববার প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যান ইউনাইটেডের ৩-০ গোলের জয়ে চোখধাঁধানো বাইসাইকেল কিকে একটি গোল করেছেন গারনাচো। প্রিমিয়ার লিগ আর ইংলিশ মিডিয়ায় এরপর যা হওয়ার, তা-ই হয়েছে। গারনাচোকে মাথায় তুলে নাচছে সেখানকার সংবাদমাধ্যম! এর মধ্যেই বিস্ফোরক মন্তব্যটা করেছেন ফার্ডিন্যান্ড। 

গারনাচোর প্রতি মুগ্ধতা জানাতে গিয়ে ম্যান ইউনাইটেডে রোনালদোর সাবেক সতীর্থ ফার্ডিন্যান্ড বললেন, 'ওর (গারনাচো) কোন দিকটা আমার বেশি ভালো লাগে জানেন? এটাই যে, ও কোনো কিছুর পরোয়া করে না! গারনাচো আমাকে বলেছে যে, রোনালদোর প্রতি ওর ভালোবাসা গোপন না রাখায় মেসি ওকে আনফলো করেছে। কিন্তু এরপরও ও (গারনাচো) বারবার এসে কোনো পরোয়া ছাড়াই জানিয়ে দেয়, 'আমি রোনালদোর দলের লোক!' সর্বকালের সেরা কে? (গারনাচোর উত্তর হয়) রোনালদো! এমনকি সেটা যখন ও আর্জেন্টিনা দলের সঙ্গে থাকে তখনো বলে!' 

এমন মন্তব্যের পর মেসি-রোনালদোতে বিভক্ত ফুটবলসমাজের একটা অংশ যে হা-রে-রে-রে করে তেড়ে আসবে, তা অনুমিত। আর্জেন্টিনা দলে সুযোগ পাওয়ার আগে থেকেই তো রোনালদোর প্রতি গারনাচোর ভক্তি সর্বজনবিদিত, এরপরও আর্জেন্টিনা দলে যখন খেলতে গেছেন গারনাচো, মেসির সঙ্গে ছবি তুলে সেটা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। মেসিও অনুশীলনে তাঁকে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরেছেন। কিন্তু এরপর ফার্ডিন্যান্ডের এমন কথার পর সমালোচনা তো হবেই। 

কিন্তু ফার্ডিন্যান্ড আসলেই সত্যি বলেছেন কি না, সেটাই এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে গারনাচোর ভাই রবের্তোর মন্তব্যের পর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) রবের্তো লিখেছেন, '(ফার্ডিন্যান্ডের বক্তব্য) ডাহা মিথ্যা কথা! মেসি কখনো ওকে (ইনস্টাগ্রামে) ফলোই করেনি। শুধু শুধুই ঘৃণা ছড়ানোর জন্য এসব বানিয়ে বানিয়ে বলা বন্ধ করুন। গারনা (গারনাচো) দুজনকেই (মেসি-রোনালদো) ভালোবাসে, সম্মান করে। আর আপনারা কিনা অযথাই একটা দ্বন্দ্ব তৈরি করতে চাচ্ছেন!' 

মেসি যে আদতে গারনাচোকে আর্জেন্টিনা দলের অন্যদের মতো একই চোখে দেখেন, সেটাও জানিয়ে দিয়েছেন গারনাচোর ভাই, 'মেসি গারনাকে বিশ্বকাপ ট্রফিটা দেখাচ্ছে, সেই ভিডিও আমি নিজে দেখেছি। আহা বন্ধু (ফার্ডিন্যান্ড), আপনি যদি দেখতেন আমরা বাড়িতে সেটা কেমন উদযাপন করেছি!' 

শেষে রবের্তো জানিয়ে দিলেন, তাঁর এই ব্যাখ্যা শুধু ফার্ডিন্যান্ডের উদ্দেশেই নয়, 'ওয়াও! ব্যাপারটা শুধু রিওকে উদ্দেশ করেই বলছি না, আরও অনেকেই গারনা'র নাম জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছেন। তাঁদের সবার জন্যই ব্যাপারটা পরিষ্কার করতে চাইছি।'