সৌদি মালিকদের দুশ্চিন্তা বাড়িয়ে দিলেন মিসরীয় রাজা

ম্যাচের প্রথমার্ধে মনে হয়েছে আজ হয়তো দিনের ভিলেন মোহাম্মদ সালাহ। ২২ মিনিটে পেনাল্টি থেকেও গোল করতে পারেননি ‘ইজিপশিয়ান কিং’। কিন্তু অ্যানফিল্ড গতকাল ম্যাচ শেষ করেছে সালাহর নামে স্লোগান দিয়ে। সালাহর জোড়া গোলে নিউক্যাসলকে ৪-২ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। 

২০২৩ যেখানে শুরু করেছিলেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা, নতুন বছর সেখানেই শুরু করলেন তাঁরা। সৌদি মালিকানার নিউক্যাসলকে হারিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। ওদিকে গত মৌসুমে নতুন মালিকানায় দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া নিউক্যাসলের বাজে ফর্ম অব্যাহত রইল। 

প্রতিপক্ষের মাঠে এই মৌসুমে এখন পর্যন্ত সাত ম্যাচে হারা ম্যাগপাইরা  লিগ টেবিলে এখন নয়ে। এমন ধারা চললে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা নিউক্যাসল আগামী মৌসুমে ইউরোপা বা কনফারেন্স লিগেও খেলা হবে না তাদের।

ঘরের মাঠে নিজেদের চিরচেনা ৪-৩-৩ ফরমেশনে খেলতে নামেন সালাহ- ভার্জিল ফন ডাইকরা। প্রথমার্ধ ছিল ঘটনাবহুল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ট্রেন্ট আলেক্সজান্ডার আরনল্ড সুযোগ পেয়েও তা দূরের পোস্টে মেরেছেন। ১২তম মিনিটে আবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লিভারপুল। কিন্তু সেবার দারউইন নুনিয়েসকে রুখে দিয়েছেন নিউক্যাসল গোলকিপার মার্টিন দুব্রাভকা। 

লুইস দিয়াস ১৯ মিনিটে গোলের আনন্দে ভাসান স্বাগতিকদের। কিন্তু অ্যানফিল্ডকে হতাশ করে ভিএআর। এর তিন মিনিট পরই পেনাল্টি পায় লিভারপুল। তবে প্রথম গোলের সুবাস পেতে যাওয়া অলরেডদের পেনাল্টি মিস করে হতাশ করেন মোহাম্মদ সালাহ। প্রথমার্ধে মোট ১৮টি শট নিয়েও গোলের দেখা পায়নি লিভারপুল। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। 

প্রথমার্ধের গোলখরা দ্বিতীয়ার্ধে পুষিয়ে দিয়েছে দুই দল। ৪৯তম মিনিটে সালাহ লিভারপুলকে এগিয়ে নেন। পিছিয়ে পড়েও খেই হারায়নি নিউক্যাসল। ঠিক পাঁচ মিনিট পরই অতিথিদের সমতায় ফেরান সুইডিশ ফরোয়ার্ড আলেক্সজান্দার ইসাক। 

কিন্তু লিভারপুল ম্যাচের শেষ ১৬ মিনিটে আরও ৩ গোল করে বড় জয় সমর্থকদের উপহার দেয়। ৮১ মিনিটে বটমান দ্বিতীয় গোল করে একটু আশা জাগান। কিন্তু ৮৬ মিনিটে পেনাল্টি থেকে সেই সালাহই লিভারপুলের জয় নিশ্চিত করেন। ৭৪ ও ৭৪ মিনিটে লিভারপুলের বাকি দুই গোল করেছেন কার্টিস জোন্স, কোডি খাকপো।

কদিন পরই শুরু হচ্ছে আফ্রিকান কাপ অব নেশনস। সে টুর্নামেন্টের জন্য মিসর ক্যাম্পে যোগ দেওয়ার আগে লিগে গোলদাতার (১৪) তালিকায় শীর্ষে থাকা আর্লিং হালান্ডের পাশে বসলেন সালাহ। অলরেডদের জয়ের দিনে ১০টি সেভ করে আলাদাভাবে নজর কেড়েছেন নিউক্যাসল ইউনাইটেড গোলরক্ষক মার্টিন দুব্রাভকা।