মেসির পুরস্কারের পথে রোনালদো ভোটই দেননি

আরেকবার ফিফা বর্ষসেরা নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। যদিও এবার আর্জেন্টাইন ফরোয়ার্ডের এ পুরস্কার পাওয়া নিয়ে বিতর্ক আছে। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জেতার পর গত বছরের ফিফা বর্ষসেরার পুরস্কার পাওয়া মেসি যে ২০২৩ সালে তেমন বড় কিছু জেতেননি! মেসি নিজেও লন্ডনে গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে না যাওয়া বোঝায়, এবার পুরস্কার নিয়ে তাঁর আগ্রহও ছিল না।

সে যা-ই হোক, মেসি যখন অষ্টমবারের মতো ফিফার বর্ষসেরা নির্বাচিত হয়েছেন, তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো আলোচনায় এসেছেন অন্য কারণে। একে তো সৌদি আরবের লিগে গোলের পর গোল করলেও ফিফার বর্ষসেরা একাদশে জায়গা হয়নি রোনালদোর, তারওপর রোনালদো আলোচনায় এলেন, যখন পর্তুগাল অধিনায়কের ভোটের তালিকায় চোখ পড়ে ফুটবলপ্রেমীদের।

পর্তুগালের অধিনায়ক হিসেবে যে রোনালদো নন, ভোট দিয়েছেন কেপলার ফেরেইরা, যাঁকে সবাই চেনে পেপে নামে।

এ অবশ্য নতুন কিছু নয়, গত বছরও বিশ্বকাপের পরপরই যখন ফিফার বর্ষসেরার ভোটের সময় আসে, রোনালদো ভোট দেননি। ফিফা তখন জানিয়ে দেয়, রোনালদোর বদলে পর্তুগালের অধিনায়ক হিসেবে ভোটের দায়িত্বটা নিয়েছেন পেপে। এবারও রোনালদো ভোট দেননি, অথচ এখনো পর্তুগালের অধিনায়ক তিনিই আছেন!

গত বছরের ভোটের ক্ষেত্রে তবু একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন অনেকে। সেটি এই যে, বিশ্বকাপের শেষ দিকে দু-এক ম্যাচে রোনালদো বেঞ্চে ছিলেন, যেখানে পেপে ম্যাচের শুরু থেকেই খেলেছেন। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিদায় দেখা পর্তুগালের হয়ে রোনালদো আর ‘অধিনায়ক’ হিসেবে ভোট দেননি।

কিন্তু এরপর তো পর্তুগালের কোচ হয়ে রবের্তো মার্তিনেসও অধিনায়ক হিসেবে রোনালদোকেই রেখেছেন, রোনালদোও নাকি পর্তুগালের জার্সিতে ‘২৫০ ম্যাচ খেলার ইচ্ছা আছে’ বলে জানিয়েছেন মার্তিনেসকে। কদিন আগে আর্সেনালের সাবেক তারকা ফ্রেদি লিউনবেরির পডকাস্টে তা-ই জানিয়েছেন মার্তিনেস। তবু এবার ভোটের বেলায় রোনালদো নন, সেই পেপেই দায়িত্বটা নিয়েছেন।

তবে ভোটের বেলায় রোনালদো যেমন কখনো মেসিকে, বা মেসি যেমন কখনো রোনালদোকে সেরা হিসেবে ভোট দেননি, পেপেও সে ধারাই ধরে রেখেছেন। পর্তুগালের ভোট গতবারের মতো এবারও মেসি পাননি। গতবার বিশ্বকাপ জিতলেও মেসিকে সেরা তিনে রাখেননি পেপে, ভোট দিয়েছেন যথাক্রমে এমবাপ্পে, মদরিচ ও বেনজেমাকে। আর এবার তাঁর তিন ভোটে প্রথম পছন্দ ছিলেন বের্নার্দো সিলভা, দ্বিতীয় আর্লিং হলান্ড আর তৃতীয় ভিক্তর ওসিমেন।