ইউরোপীয়ান ফুটবলে দলবদলের মৌসুমে রেয়াল মাদ্রিদের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের নাম জড়িয়ে নাটক গত কয়েক বছরের পরিচিত দৃশ্য। ২৫ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার যে স্প্যানিশ ক্লাবটিতে যেতে আগ্রহী, এটাও ওপেন সিক্রেট। কিন্তু এমবাপ্পে এখনো পারি সাঁ জার্মেইতে। আরেকটি মৌসুম যখন মাঝপথে, আরেকবার আওয়াজ তুলছে এমবাপ্পে টু মাদ্রিদ গুঞ্জন।
একদিকে যখন ব্যাংক ব্যালেন্সে টান পড়ার মতো বেতন দিয়ে এমবাপ্পেকে টানার আলোচনা চলছে, মাদ্রিদের তখন ভরসা হয়ে উঠেছেন মাত্র ৫ লাখ ইউরো খরচ করে ধারে আনা এক স্প্যানিশ স্ট্রাইকার – হোসেলু। গতকাল লিগে হেতাফের এস্তাদিও কলিসিয়ামে ২-০ গোলে জিতেছে মাদ্রিদ, দুই অর্ধে দুটি গোলই হোসেলুর।
হ্যাটট্রিকই হয়ে যেত, কিন্তু দ্বিতীয়ার্ধে বেলিংহ্যামের দারুণ থ্রু ধরে বক্সে ঢুকেও ফাঁকায় দাঁড়ানো ভিনিসিয়ুসকে পাস বাড়ান ‘নিঃস্বার্থ’ হোসেলু। ভিনি কারিকুরি করতে গিয়ে গোলই করতে পারেননি! তা না হোক, তবে ৩৩ বছর বয়সী হোসেলু এই মৌসুমে যেভাবে মাঝেমধ্যেই মাদ্রিদের ভরসা হয়ে উঠছেন, সেটা নজর কাড়ছে। মাদ্রিদের ভিনিসিয়ুস, বেলিংহ্যাম, রদ্রিগোর মতো তারকারা আছেন, এর মধ্যেও মাঝেমধ্যে হোসেলুর মতো একজনকেও দলে দরকার পড়ে।
কাল ম্যাচের শুরু থেকেই সপ্রতিভ ছিলেন হোসেলু। চোট কাটিয়ে ফেরা বেলিংহ্যাম, ভিনিসিয়ুস একাদশে থাকলেও সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন এ স্প্যানিশ স্ট্রাইকার। ম্যাচের ১৪ মিনিটে ডান প্রান্ত থেকে লুকাস ভাসকেসের বাড়ানো বলে দারুণ এক হেডে মাদ্রিদকে এগিয়ে দেন। ম্যাচের ৫৬ মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন দুর্দান্ত দলীয় আক্রমণের শেষে দারুণ ফিনিশিংয়ে।
এদিন নিষ্প্রভ ছিলেন ভিনিসিয়ুস। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ গোলকিপারকে দুবার একা পেয়েও গোল করতে ব্যর্থ ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার। নিজেকে মেলে ধরতে পারেননি বেলিংহ্যামও। তবে হোসেলুর নৈপুণ্যে সে অভাব টের পায়নি মাদ্রিদ।
চলতি মৌসুমের শুরুতে এসপানিওল থেকে ধারে মাদ্রিদে যোগ দিয়েছেন হোসেলু। একাদশেও নিয়মিত নন তিনি। পরিপূর্ণ প্লেয়িং টাইমও পাননি। এখন পর্যন্ত লা লিগার ২২ ম্যাচের মাত্র ৯টিতে শুরুর একাদশে মাঠে নেমেছেন। এতেই ৭ গোল ও ২ অ্যাসিস্ট তাঁর। এর বাইরে চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে করেছেন ৩ গোল, কোপা দেল রে-তে ২ ম্যাচে গোল ২টি।
হেতাফের বিপক্ষে জয়ে স্প্যানিশ পয়েন্ট তালিকার শীর্ষস্থান ফিরে পেয়েছে মাদ্রিদ। ২২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সমান ম্যাচে ২ পয়েন্ট পেছনে থেকে তালিকার দুইয়ে জিরোনা।