মেসি সৌদিতে রোনালদোর সামনে গোল খেলেন, হংকংয়ে পেলেন দুয়ো

ইন্টার মায়ামির হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিতে এশিয়া সফরে এসে দুদন্ড শান্তির উপায় যদি থাকে লিওনেল মেসির। সৌদি আরবে নেইমারের আল হিলালের কাছে ৪-৩ গোলে হারে মেসির মায়ামি, এরপর ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে তো একেবারে নাকাল হয়েছে। রোনালদো চোটের কারণে খেলেননি, মেসিও সেদিন শুধু শেষ ৭ মিনিটই খেলতে পেরেছেন, কিন্তু এর আগেই আল নাসর ৬ বার বল ঢুকিয়েছে ইন্টার মায়ামির জালে!

আধডজন গোল খাওয়ার তেতো স্মৃতি নিয়ে হংকংয়ে গিয়েছিলেন মেসি ও তাঁর দল। শুধু কি মেসি, লুইস সুয়ারেস, সের্হিও বুসকেতস, জর্দি আলবাদের দেখতে হংকংয়ের মানুষ কতটা পাগলপারা ছিলেন, তার প্রমাণ পাওয়া গেল যখন মেসিদের অনুশীলন দেখতেই ৪৫ হাজার দর্শকের স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে গেল!

কিন্তু এরপর কী হলো? আজ হংকং লিগের বাছাই একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি, ৪-১ গোলে জিতেছে সে ম্যাচ। কিন্তু মেসিকে এক মিনিটের জন্যও মাঠে নামাননি ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। কারণ? মেসি চোটের সঙ্গে যুঝছেন।

তা হতে পারে, কিন্তু গাঁটের পয়সার শ্রাদ্ধ করে ম্যাচের টিকিট কেনা দর্শক কেন তা মানতে যাবে! ম্যাচের টিকিটের দাম যেখানে শুরুই হয়েছে ১২৫ ডলার থেকে – বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকা! সে কারণে সৌদিতে গোলের পর গোল খাওয়া মেসির হংকংয়ে এসে ‘প্রাপ্তি’ হলো – দর্শকের দুয়ো শুনেছেন তিনি!

মেসির পাশাপাশি ইন্টার মায়ামির মালিক ও সাবেক ইংলিশ মিডফিল্ডার ডেভিড বেকহ্যামকেও দুয়ো দিয়েছেন দর্শকেরা। মেসির পাশাপাশি সুয়ারেসও মাঠে নামেননি। বিরতির পর দ্বিতীয়ার্ধজুড়ে ‘আমরা মেসিকে দেখতে চাই’ বলে চিৎকার করে গেছেন দর্শক, ম্যাচ শেষের বাঁশি বাজতেই সে চাহিদার আওয়াজ রূপ নিল দুয়োধ্বনিতে।

এরপর ম্যাচ শেষে বেকহ্যাম যখন দর্শককে তাদের ‘অসাধারণ সমর্থনে’র জন্য ধন্যবাদ জানাচ্ছিলেন, তাঁকেও দুয়োয় ভাসিয়েছে গ্যালারি! ক্যামেরায় দেখা যাচ্ছিল, দর্শকের অনেকেই বৃদ্ধাঙ্গুলি নিচু করে অপছন্দটা জানান দিয়েছেন। মেসি নামছেন না, এটা নিশ্চিত হওয়ার পর গ্যালারি থেকে টিকিটের টাকা ফেরত দেওয়ার দাবিও উঠেছে।

শুধু যে দর্শকই হতাশ, তা-ই নয়। হংকং সরকারও বিবৃতি দিয়ে লিখেছে, ‘আজকের ম্যাচে মেসি না খেলায় সমর্থকদের মতো হংকং সরকারও আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে চরম হতাশ। আয়োজকদের কাছ থেকে এর যথাযথ ব্যাখ্যা ফুটবল সমর্থকদের পাওনা।’

ইন্টার মায়ামি কোচ মার্তিনো ম্যাচ শেষে জানিয়েছেন, আল হিলালের বিপক্ষে ম্যাচে আঘাত পাওয়ায় আল নাসরের বিপক্ষে ম্যাচে ৭ মিনিট খেলানো হয়েছে মেসিকে, কিন্তু ক্লাবের চিকিৎসকেরা আজ মেসিকে নামাতে নিষেধ করে দিয়েছেন। ওতে নাকি মেসির চোট আরও খারাপ হওয়ার ঝুঁকি ছিল। ‘যদি ওকে অল্প কিছুক্ষণের জন্য নামানোর সুযোগও থাকত, আমরা সেটা করতাম। কিন্তু এতে অনেক বড় ঝুঁকি নেওয়া হয়ে যেত’ – মার্তিনোর ব্যাখ্যা।