হংকংয়ে দুয়ো শুনেছেন, জাপানে বিক্রি হচ্ছে না মেসিদের ম্যাচের টিকিট

লিওনেল মেসি ও তাঁর সঙ্গীদের কাজে লাগিয়ে প্রচুর আয় করে নিচ্ছে ইন্টার মায়ামি। মধ্যপ্রাচ্যের পর পূর্ব এশিয়া ট্যুরে এখন দলটি। তবে হংকং একাদশের বিপক্ষে ম্যাচে দুয়ো শুনতে হয়েছে মেসি ও দলের মালিক ডেভিড বেকহামকে। কারণ, দর্শকদের আশাহত করে মাঠে নামেননি মেসি।

এ কারণে অনেক দর্শক ক্ষোভ জানিয়েছেন, টিকিটের টাকা ফেরত চেয়েছেন। এ ব্যাপারে মায়ামির পক্ষ থেকে বলা হয়েছিল, পূর্ণ সুস্থ না থাকায় নামতে পারেননি মেসি। তবে জাপানে যাওয়ার পর অনেকটাই ভালো বোধ করছেন। ফলে টোকিওতে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচে খেলার সম্ভাবনা আছে তাঁর।

মেসিকে দেখার জন্য হংকংয়ের গ্যালারি ভরে গিয়েছিল।কিন্তু মেসি বেঞ্চে থাকায় ফুটবল-উৎসব পিআর কেলেঙ্কারিতে রূপ নিয়েছিল। মেসি, সুয়ারেজ, আলবা, বুসকেতসদের মতো তারকাদের সামনে পেয়ে যেখানে উচ্ছ্বাসে মাতার কথা, সেখানে ইন্টার মায়ামিকে দুয়ো শুনে মাঠ ছাড়তে হয়েছে।

আজ টোকিওতে এক সংবাদসম্মেলনে মেসি বলেছেন, হংকংয়ে মাঠে নামার উপায় ছিল না তাঁর, ‘হংকংয়ে উন্মুক্ত অনুশীলন সেশন ছিল। এত মানুষ এসেছিলেন এবং বাচ্চাদের সঙ্গে একটি  ফুটবল ক্লিনিক থাকায় আমি নিজেই সেখানে অংশ নিতে চেয়েছিলাম। কিন্তু সত্যি বলতে তখনো অস্বস্তিটা ছিল এবং আমার পক্ষে খেলাটা খুব কঠিন ছিল।’

তবে ভক্তদের ক্ষোভের কারণটা বুঝতে পারছেন মেসি এবং তাঁদের সে ক্ষোভ কোনো একদিন দূর করতে পারবেন বলে আশা তাঁর, ‘আমি বুঝতে পারি মানুষ এর জন্য মুখিয়ে ছিল এবং হংকংয়ে আবার খেলার সুযোগ পাব।’

আগামীকাল জে লিগ চ্যাম্পিয়ন ভিসেল কোবের বিপক্ষে খেলবে ইন্টার মিয়ামি। সে ম্যাচে খেলার ইচ্ছা মেসির, ‘আগামীকালের ব্যাপারে, আমি ঠিক জানি না। আজ অনুশীলনে বুঝতে পারব। আমরা এখনো জানি না, আমি খেলতে পারব কি পারব না, তবে কয়েকদিন আগের চেয়ে বেশ ভালো আছি এবং খেলতে খুবই আগ্রহী।’

আজ সংবাদ সম্মেলনে যাওয়ার কথা ছিল কোচ টাটা মার্টিনোর। সে সঙ্গে বুসকেতস, আলবা, লুইস সুয়ারেস ও বেকহামের থাকার কথা ছিল। কিন্তু হংকংয়ের অভিজ্ঞতার পর শুধু মেসিকেই পাঠানো হয়েছে। এদিকে হংকংয়ের ঘটনার প্রভাব পড়েছে টিকিট বিক্রিতে, এখনো ম্যাচের বহু টিকিট বিক্রি হয়নি।