চীনের এক সিদ্ধান্তে লাভ হতে যাচ্ছে ভারতের? অবস্থাদৃষ্টে তেমনই মনে হচ্ছে। যা গুঞ্জন শোনা যাচ্ছে, তাতে ভারতে খেলতে আসার কথাও ভাবছে লিওনেল মেসির আর্জেন্টিনা!
লিওনেল মেসি চোটকে কারণ দেখিয়ে ইন্টার মায়ামির হয়ে হংকংয়ে প্রীতি ম্যাচে নামেননি, তার রাগ চীন ঝেড়েছে আর্জেন্টিনার ওপর। আগামী মার্চে চীনের হাংঝু ও বেইজিংয়ে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল নাইজেরিয়া ও আইভরি কোস্টের সঙ্গে, দুটি ম্যাচই বাতিল করেছে চীনা প্রশাসন।
সে দুটি ম্যাচ নিয়ে কী করবে, এখনো সিদ্ধান্তে আসতে পারেনি আর্জেন্টিনা। এর মধ্যেই আজ গুঞ্জন শোনা গেল, ম্যাচ দুটি আইভরি কোস্ট আর নাইজেরিয়ার বিপক্ষেই খেলবে আর্জেন্টিনা, আর সেই দুই ম্যাচের জন্য যে চারটি দেশকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করছে আর্জেন্টাইন ফেডারেশন, তার একটি ভারত!
ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক লিও পারাদিসো টুইটে তা-ই জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘মার্চের প্রীতি ম্যাচগুলোর প্রতিপক্ষ হিসেবে নাইজেরিয়া আর আইভরি কোস্টকেই রাখার মৌখিক সিদ্ধান্ত হয়েছে। চারটি সম্ভাব্য ভেন্যুর কথা ভাবা হচ্ছে – যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারত। সিদ্ধান্ত এই সপ্তাহান্তের আগেই আসবে।’
সম্ভাবনা এখনো অনেক কমই মনে হচ্ছে, তবে শেষ পর্যন্ত ভারতের ভাগ্যে যদি শিঁকে ছেড়ে, ভারতের ফুটবলপ্রেমীদের জন্য বড় উৎসবই অপেক্ষায়।