আমেরিকান মালিকদের আর্জেন্টিনার ব্যাপারে সতর্ক করলেন তিনিসিটি গ্রুপ প্রথম পথ দেখিয়েছে। বিশ্বের নানা লিগে একের পর এক দল কিনে অনেকটা চেইন শপের রূপ দিয়েছে ফুটবলকে। চেলসিও সে পথে হাঁটতে শুরু করেছে। ফ্রান্সে এরই মধ্যে দল কিনেছে। সিটি যেমন ব্রাজিলে দল নিয়েছে, চেলসি নজর দিতে চাইছে আর্জেন্টিনায়।
কিন্তু চেলসির আমেরিকান মালিকদের সতর্ক করেছেন কোচ মরিসিও পচেত্তিনো। বলেছেন অন্য দেশগুলোর সঙ্গে আর্জেন্টিনার তুলনা না করার জন্য।
আর্জেন্টিনার কোনো ক্লাবের প্রতি চেলসি মালিকদের আগ্রহের কথা স্বয়ং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই জানিয়েছেন। বলেছেন, লিওনেল মেসি ও পচেত্তিনোর শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওড বয়েজ ছাড়া আরও বেশ কিছু ক্লাবে আগ্রহী চেলসি।
তবে বোকা জুনিয়রসের কড়া সমর্থক মিলেই মজা করে বলেছেন, তাঁর ক্লাবেই বিনিয়োগ করতে, ‘যদি বিনিয়োগকারীরা বোকাতে আসে এবং অনেক খরচ করে। এবং এর মানে যদি বোকা সবসময় জিতবে এবং রিভার প্লেত (বোকার চিরপ্রতিদ্বন্দ্বী) একটা ম্যাচও জিততে পারবে না, তাহলে একটা প্রশ্ন, ‘কোথায় স্বাক্ষর করতে হবে? (চেলসির মালিকদের ডেকে আনার জন্য)’
এদিকে গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। এ ব্যাপারে মালিকদের সতর্ক করেছেন পচেত্তিনো, ‘এটা খুব কঠিন হবে(আর্জেন্টিনায়)। কারণ এটা এমন এক দেশ যেখানে কেউ বাইরে থেকে এসে ক্লাব কিনলে পছন্দ করবে না। সমর্থকেরা বিশ্বাস করে তারা ক্লাবের অংশ এবং ক্লাব তাদের অংশ এবং এই মানসিকতা বদলানো সহজ না।’
তবে কি ব্রাজিলে যেমন সিটি গ্রুপ একটি ক্লাবের মালিকানা কিনেছে, আর্জেন্টিনায় কেউ এমনটা করতে পারবে না? আনচেলত্তিও একদম উড়িয়ে দিচ্ছেন না। তবে পচেত্তিনোর ধারণা, এতে সময় লাগবে, ‘হয়তো কোনো একদিন, কিন্তু এখন আমার মনে হয় না কাজটা সহজ হবে। তবে, প্রেসিডেন্টের নতুন অনেক চিন্তা আছে এবং তিনি দেশকে সাহায্য করতে চান, চান মানুষ আরেকটু ভালো থাকুক।’
অবশ্য শুধু আর্জেন্টিনা কেন, ফ্রান্সেই চেলসি মালিকরা বিপদে পড়েছেন। টড বোয়েলির ব্লুকো ফ্রেঞ্চ ক্লাব স্ত্রাসবুর্গকে গত জুনে কিনেছে। কিন্তু এর মধ্যেই ক্লাবটির সমর্থকেরা নতুন মালিকপক্ষের ওপর খেপেছে।