কাতারের আমিরের সামনে এমবাপ্পেকে ডেকে পাঠিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

আজ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে ডিনার করবেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। আর এই ইভেন্ট ফুটবল দুনিয়ায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণ, সে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে কিলিয়ান এমবাপ্পে ও পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফিকে।

এই মৌসুম শেষেই পিএসজি ছাড়বেন এমবাপ্পে, এমন খবর ছড়িয়ে পড়েছে। এর আগেও বেশ কয়েকবার এমন কথা শোনা গেলেও এবার নাকি আর নিজের সিদ্ধান্ত থেকে সরে যাবেন না ফ্রেঞ্চ অধিনায়ক। ২০২২ সালেও চুক্তি শেষ হয়ে যাওয়ায় ক্লাব ছাড়তে চেয়েছিলেন এমবাপ্পে। রেয়াল মাদ্রিদের সঙ্গে কথা বলেও ফেলেছিলেন।

কিন্তু চ্যাম্পিয়নস লিগ ফাইনালের কদিন আগে আবার দুই বছরের চুক্তি করেন এমবাপ্পে। সেবার এমবাপ্পেকে পিএসজিতে রেখে দিতে ভূমিকা রেখেছিলেন স্বয়ং মাখোঁ। একজন রাষ্ট্রনায়ক একজন ফুটবলারকে দলবদলের মতো বিষয়ে পরামর্শ ও অনুরোধ (চাইলে নির্দেশও পড়তে পারেন) দিচ্ছেন, এ অভাবনীয় ঘটনায় তাই এ যুগে এসে দেখতে হয়েছে।এমবাপ্পে। ফাইল ছবি

দুই বছর পর আবার যখন এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে তখন আবার মঞ্চে হাজির মাখোঁ। লা পারিসিয়েন জানিয়েছে, আজ কাতারের আমিরের সম্মানে নিজ বাসভবনে ডিনারের আয়োজন করেছেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট। প্যারিসের এলিজি প্যালেসে সে অনুষ্ঠানে ডাক পেয়েছেন খেলাইফি। কাতারের আমিরের কাছের লোক হিসেবে খেলাইফির আমন্ত্রণ পাওয়াটা স্বাভাবিক। তবে এমবাপ্পের ডাক পাওয়াটা আলোচনার জন্ম দিয়েছে।

ইসরায়েল-হামাস সংঘাতে মধ্যস্থতার ব্যাপারে কাতারের আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন মাখোঁ। তবে সে আলোচনায় অংশ নিতে যে এমবাপ্পেকে ডাকা হচ্ছে না, এটা নিশ্চিত। তবে ধারণা করা হচ্ছে, পিএসজির অন্য খেলোয়াড়রাও নাকি আমন্ত্রণ পেয়েছেন।

এদিকে এমবাপ্পে পিএসজিতে থাকবেন না, এই খবর শোনার পরও হাল ছাড়েননি মাখোঁ। বলেছেন, ফ্রেঞ্চ অধিনায়ক যেন নতুন চুক্তি করেন, সে জন্য ‘চেষ্টা ও জোর’ করবেন তিনি।

এর আগেও এলিজি প্যালেসে দেখা গিয়েছিল এমবাপ্পেকে। ২০১৮ সালে বিশ্বকাপ জেতার পর ফ্রান্স প্রেসিডেন্টের নির্ধারিত বাসভবনে গিয়েছিলেন বিশ্বকাপজয়ীরা।