বেচারা ক্রিস্টিয়ানো রোনালদো, সৌদি আরবে গিয়েও যদি একটু শান্তিতে থাকতে পারেন!
পুরোটা ক্যারিয়ার যাঁর সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াই চলেছে, সেই লিওনেল মেসি এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। রোনালদোর ঠিকানা সৌদি আরবের আল-নাসর। নেইমার, বেনজেমারা থাকলেও সৌদি লিগের বিজ্ঞাপন যে রোনালদো, এ নিয়ে প্রশ্ন কারও থাকার কথা নয়। কিন্তু সৌদিতেও ‘মেসি’ নামটাই যেন তাড়িয়ে বেড়াচ্ছে রোনালদোকে!
গ্যালারিতে দর্শকদের অনেকেই রোনালদোকে খেপাতে মেসির নামে জয়ধ্বনি তোলেন, কদিন আগে ৩৯-এ পা দেওয়া রোনালদোও বারেবারে সে ফাঁদে কেন যেন পা দিয়ে বসেন! গত রোববারও দিয়েছেন, কিন্তু এবারে পর্তুগিজ মহাতারকার প্রতিক্রিয়াটা হলো মাত্রা ছাড়ানো। দর্শকের মুখে মেসির নাম শুনে খেপে গিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন রোনালদো, যা নিয়ে এখন তদন্তের মুখে পড়তে হচ্ছে তাঁকে।
রোববার লিগে আল শাবাবের মাঠে নেমেছে রোনালদোর আল-নাসর। ৩-২ গোলে জিতেছে, ম্যাচে পেনাল্টি থেকে প্রথমে দলকে এগিয়েও দিয়েছিলেন রোনালদো। কিন্তু ম্যাচের এক পর্যায়ে আল-শাবাব সমর্থকদের একটা অংশ ‘মেসি’ ‘মেসি’ উচ্চারণে জয়ধ্বনি তোলে। ব্যস, খেপে গেলেন রোনালদো। গ্যালারির দিকে তাকিয়ে যৌনাঙ্গের সামনে হাত নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন।
গত বছরের জানুয়ারিতে রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর কয়েকবারই প্রতিপক্ষ ক্লাবের সমর্থকেরা মেসির নামে জয়ধ্বনি করে রোনালদোকে খেপানোর চেষ্টা করেছেন। কদিন আগেই আল হিলালের সমর্থকেরা তা করেছিলেন, যার জবাবে রোনালদো চিৎকার করে বলছিলেন, ‘আমি ক্রিস্টিয়ানো, আমি এখানে আছি, মেসি না!’ এরপর আল শাবাব সমর্থকেরা যখন আবার মেসির নামে জয়ধ্বনি তোলেন, এ বেলায় আর সংযমের বাঁধ ধরে রাখতে পারলেন না রোনালদো।
কিন্তু এর মূল্যও দিতে হচ্ছে তাঁকে। স্থানীয় সংবাদমাধ্যম আশারক আল-আওসাতকে সূত্র হিসেবে জানিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, সৌদি আরবের ফুটবল ফেডারেশনের কয়েকজনের সঙ্গে আলাপের পর জানা গেছে, রোনালদোর বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে। ‘আল শাবাব সমর্থকদের সামনে দাঁড়িয়ে আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো যে ‘কুরূচিপূর্ণ অঙ্গভঙ্গি’ করেছেন, যে অঙ্গভঙ্গির কারণে অনেক সমর্থক ও দর্শক বিরক্ত-বিব্রত হয়েছেন, সেটা নিয়ে তদন্ত শুরু করেছে শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত কমিটি’ – আশারক আল-আওসাত লিখেছে বলে জানাচ্ছে মার্কা।
ভিডিও দেখে ঘটনা পর্যবেক্ষণের পর আগামীকাল বা পরশুর মধ্যে কমিটি তদন্তের রায় দেবে বলে জানা গেছে।