গার্দিওলার চোখে রেয়াল মাদ্রিদই চ্যাম্পিয়নস লিগের রাজা

সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার হেডকোয়ার্টারে গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। ইউরোপ সেরার লড়াইয়ে গত দুই মৌসুমের ন্যায় এবারও নক আউট পর্বে রেয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার সিটি।

সর্বশেষ দুই মৌসুমেই টুর্নামেন্টের সেমিফাইনালে স্প্যানিশ পরাশক্তির মুখোমুখি হয়েছিল পেপ গার্দিওলার দল। এবার অবশ্য সেমিতে নয়, এক ধাপ আগে কোয়ার্টার ফাইনালেই মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সিটিজেনরা।

বারবার একই প্রতিপক্ষ পেয়ে সিটি কোচ গার্দিওলা জানিয়েছেন, ড্র'র ওপর কারও হাত নেই। মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের রাজা আখ্যা দিয়ে সিটি বস বলেছেন, সেমিতে উঠতে হলে দুই লেগে ভালো খেলার বিকল্প নেই। 

২০২১-২০২২ মৌসুমের সেমিফাইনালে মুখোমুখি দেখায় প্রথম লেগে ৪-৩ ব্যবধানে জিতেছিল সিটি। দ্বিতীয় লেগে রেয়ালের মাঠে প্রথমে গোল পায় গার্দিওলার দল। ৮৯ মিনিট পর্যন্ত দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকা সিটির ফাইনালে যাওয়া তখন সময়ের ব্যাপার বলে ধরে নেওয়া হচ্ছিল। কিন্তু সান্তিয়াগো বের্নাব্যুতে সেদিন ৯০ ও ৯১তম মিনিটে দুই গোল করে পাশার দান উল্টে দেন রদ্রিগো। সমতায় ফেরা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে বেনজেমার গোলে ফাইনালে উঠে যায় মাদ্রিদ।

গত মৌসুমের সেমিতে আবারও মুখোমুখি দুদল। প্রথম লেগে মাদ্রিদের মাঠে ১-১ ড্র হওয়ায় দ্বিতীয় লেগে উত্তাপের আমেজ পাওয়া যাচ্ছিল। কিন্তু ইত্তিহাদে ফিরতি লেগে রেয়ালকে রীতিমতো গুড়িয়ে ৪-০ ব্যবধানে জিতে সে আমেজে পানি ঢালে সিটি। গতবার ক্লাবটির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে সিটিজেনরা।

আজ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামবে ম্যান সিটি। এ ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে এসেছিলেন গার্দিওলা। সেখানে অনুমিতভাবে উঠে আসে রেয়াল মাদ্রিদ প্রসঙ্গ। টানা তিন মৌসুমে নকআউট পর্বে রেয়ালকে পেয়ে গার্দিওলা বলেছেন, ‘এটা (রেয়াল-সিটি লড়াই) অনেকটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। টানা তিন বছর প্রতিযোগিতার রাজাদের বিপক্ষে খেলা, যারা ১৪ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে। আশা করি, লড়াইয়ে আমরা ভালো মুহূর্ত কাটাতে পারব। মাদ্রিদে প্রথম ম্যাচের আগে এখনও কয়েক সপ্তাহ বাকি আছে। দেখা যাক কী হয়।’

প্রতিবার ড্র তে কেনো রেয়ালকে প্রতিপক্ষ হিসেবে পায় সিটি, এমন প্রশ্নের জবাবে গার্দিওলা বলেছেন, ‘ড্র কারও হাতে নেই। যখন মানুষজন বলে সহজ প্রতিপক্ষ পড়েছে, তখন প্রতিপক্ষকে তারা দুর্বল মনে করছে। এ প্রতিযোগিতায় রেয়াল মাদ্রিদ কেমন প্রতিপক্ষ, তা বলার দরকার নেই।’

প্রতিপক্ষ রেয়াল মাদ্রিদ হলেও এবার দ্বিতীয় লেগ ঘরের মাঠে হবে বলে খুশি গার্দিওলা। এর আগে ২০২১-২০২২ সালে প্রথম লেগে এগিয়ে থেকেও ফিরতি লেগে মাদ্রিদের মাঠে শেষ মুহূর্তে স্বপ্ন ভেঙেছিল সিটির। সেটি মনে করিয়ে দিয়ে গার্দিওলা বলেছেন,‘(স্বস্তির বিষয়) দ্বিতীয় লেগ ঘরের মাঠে। কিন্তু দুই মৌসুম আগে এটি মাদ্রিদে ছিল... আমাদের সেখানে এবং এখানে, দুটি ম্যাচই ভালো খেলতে হবে।’

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আগামী ৯ এপ্রিল সান্তিয়াগো বের্নাব্যুতে রেয়ালের মুখোমুখি হবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। ১৭ এপ্রিল ফিরতি লেগ হবে সিটির মাঠে।