ফিফা র‍্যাঙ্কিং

বাংলাদেশ ছয় মাস একই জায়গায় আটকে থেকে এবার পিছিয়েই গেল

ফিলিস্তিনের বিপক্ষে শেষ মুহুর্তে গোল খেয়ে হারটাই বুঝি বাংলাদেশের জন্য কাল হয়ে গেল। ছয় মাস একই জায়গায় আটকে থাকার পর আজ প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে যে আবার এক ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ! ১৮৩ থেকে নেমে গেছে ১৮৪-তে।

গত বছরের অক্টোবরে ছয় ধাপ এগিয়ে ১৮৩-তে উঠেছিলেন জামাল ভুঁইয়ারা। ২০২৩ সালজুড়েই বেশ ভালো খেলতে থাকা বাংলাদেশ অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম পর্বে মালদ্বীপের বিপক্ষে এক জয় আর এক ড্রয়ের কারণেই র‍্যাঙ্কিংয়ে লাফটা দিতে পেরেছিল।

কিন্তু নভেম্বরে বাছাইপর্বের দ্বিতীয় পর্বে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হারে বাংলাদেশ। তারপর লেবাননের সঙ্গে ঘরের মাঠে করল ড্র। আগের রেটিংয়ের সঙ্গে মিলিয়ে তাই আর পেছায়নি বাংলাদেশ। কিন্তু মাঝের চার মাসে আর খেলা ছিল না জামালদের। এরপর মার্চে নেমে ফিলিস্তিনের বিপক্ষে প্রথম ম্যাচে ৫-০ গোলে হারের পর ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে হেরে গেল বাংলাদেশ।  

এতেই রেটিং পয়েন্ট ৯১৭ থেকে কমে হলো ৯০৫। র‍্যাঙ্কিংয়েও এক ধাপ নিচে নেমে গেল বাংলাদেশ। ফিলিস্তিন ৪ ধাপ এগিয়ে উঠেছে ৯৩ নম্বরে।

অবশ্য বাংলাদেশ তো অনেক বছর ধরেই র‍্যাঙ্কিংয়ের ১৮০-এর নিচের দিকের দল। র‍্যাঙ্কিংয়ের ১৮০-র ওপরে বাংলাদেশকে সর্বশেষ কবে দেখা গিয়েছিল, তা খুঁজতে হলে আপনাকে পেছাতে হবে ২০১৬ সালের ৫ মে প্রকাশিত র‍্যাঙ্কিং পর্যন্ত। সেবার ১৭৮তম অবস্থানে থাকা বাংলাদেশ এরপর ১৮০-১৯০-২০০-র মধ্যেই ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ করে নিয়েছে।

অবশ্য ২০২৩-এর জুনে ১৯২ থেকে লাফ দিয়ে ১৮৯-তে ওঠার পর থেকে বাংলাদেশ উন্নতিই করে গেছে। এ সময়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালদ্বীপ, লেবানন (এবার যারা ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ পিছিয়েও ১২০তম), ফিলিস্তিনের মতো দলের সঙ্গে বেশ কিছু ম্যাচেই সমানতালে লড়েছে।

আজ প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী সাফের সাত দেশের মধ্যে বাংলাদেশ আছে চার নম্বরে। ভারত ৪ ধাপ পিছিয়ে এখন ১২১তম। মালদ্বীপের অবস্থানের বদল নেই – তারা ১৬১ নম্বরেই আছে। বাংলাদেশের ওপরে আছে নেপালও, তিন ধাপ পিছিয়ে তারা ১৭৮তম। বাংলাদেশের নিচে আছে ভুটান (১ ধাপ পিছিয়ে ১৮৫তম), পাকিস্তান (১৯৫) ও শ্রীলঙ্কা (২০৪)।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের সেরা দশে নড়চড় বলতে, বেলজিয়াম আর ইংল্যান্ডের মধ্যে অদলবদল হয়েছে। বেলজিয়াম চার থেকে উঠেছে তিন নম্বরে, ইংল্যান্ড তিন থেকে নেমেছে চারে। আর ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এক ধাপ এগিয়ে উঠেছে ৬ নম্বরে, তাদের জায়গা দিতে এক ধাপ পিছিয়ে ৭ নম্বরে নেমে গেছে নেদারল্যান্ডস।

শীর্ষে লিওনেল মেসির আর্জেন্টিনাই আছে। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স দুই নম্বরে। ব্রাজিল আছে পাঁচে। শীর্ষ দশের বাকি তিন দল – স্পেন (৮), ইতালি (৯) ও ক্রোয়েশিয়া (১০)।