দুর্দান্ত এক বিদায় সংবর্ধনা পাওয়ার কথা ছিল ইয়ুর্গেন ক্লপের। এ মৌসুম শেষে ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন জার্মান কোচ। বিদায়বেলায় তাঁকে সম্ভাব্য সব ট্রফি জেতানোর চেষ্টা করার কথা ছিল মো সালাহ, দারউইন নুনিয়েস, ভার্জিল ফন দাইকদের। লিগ কাপ জিতে মৌসুমের প্রথমার্ধে শুরুটাও ভালো করেছিল তারা।
কিন্তু নতুন বছরে পথ হারিয়ে বসেছে লিভারপুল। লিগের শীর্ষস্থান হারিয়েছে, এফএ কাপে হেরে গেছে কোয়ার্টার ফাইনালে, ইউরোপাতেও বাদ পড়ার দ্বারপ্রান্তে। লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে তবু পয়েন্টে সমানে-সমান ছিল কাল পর্যন্ত। কিন্তু ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে লিগটা নিজ হাতে আর্সেনাল-সিটির হাতে ধরিয়ে দিয়েছে লিভারপুল।
গত সপ্তাহে আতালান্তার বিপক্ষে ঘরের মাঠে ইউরোপা লিগে ৩-০ ব্যবধানে হেরেছে অলরেডরা। আজ আবার হারল প্যালেসের কাছে। ২০১৭ সালের জানুয়ারির পর এই প্রথম অ্যানফিল্ডে দর্শকের সামনে টানা দুই ম্যাচ হারল লিভারপুল।
এই হারে ৩২ ম্যাচ শেষে ৭১ পয়েন্ট লিভারপুলের। ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট আর্সেনালের। তবে আজ পয়েন্ট টেবিলে চারে থাকা অ্যাস্টন ভিলার কাছে আর্সেনাল হারলেও লিভারপুলের লাভ হবে না। কারণ, গতকাল রাতেই লুটন টাউনকে ৫-১ গোলে হারিয়ে নিজেদের পয়েন্ট ৭৩-এ নিয়ে গেছে ম্যানচেস্টার সিটি।
শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ার দায় লিভারপুলকেই নিতে হবে। গত কিছুদিন ধরেই ফরোয়ার্ডদের ব্যর্থতা ভোগাচ্ছে দলটিকে। আজও সেটা হয়েছে। গোললাইনের কাছে দারুণ সব ব্লক করেছেন প্যালেসের ডিফেন্ডাররা। তবে সালাহ, নুনিয়েস, লুইস দিয়াসরা যেভাবে মিসের মহড়া দিয়েছেন, সেটাই বেশি দৃষ্টিকটু ছিল।
৭ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া লিভারপুলের। ওদিকে প্রথম সুযোগেই ১৪ মিনিটে এজে এগিয়ে দিয়েছেন প্যালেসকে। ৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারত। মাতেতার শট রবার্টসন যখন ফেরালেন, বল তখনো পুরোপুরি লাইন ক্রস করেনি বলেই গোল হজম করেনি লিভারপুল। প্রথমার্ধে দুবার সমতা ফেরানোর সুযোগ হেলায় হারিয়েছে স্বাগতিক দল।
৫৫ মিনিটে নুনিয়েস কীভাবে গোল করতে ব্যর্থ হলেন, তার ব্যাখ্যা উরুগুইয়ান স্ট্রাইকার নিজেও হয়তো দিতে পারবেন না। নুনিয়েস ও দিয়াসকে তুলে নিয়ে খাকপো এবং জোতাকে নামিয়েও লাভ হয়নি। ৭৩ মিনিটে জোতা ৬ গজ দূর থেকেও গোল করতে পারেননি।
৭৫ মিনিটে খাকপো যখন বল পেয়েছিলেন, তখন আক্রমণে লিভারপুলের তিন খেলোয়াড় আর প্যালেসের মাত্র একজন ডিফেন্ডার ছিলেন। খাকপোর পাস থেকে জোনস গোলকিপারকে একা পেয়েও বাইরে মেরেছেন বল। শেষ মুহূর্তেও সালাহ কয়েক গজ দূর থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন।