লিভারপুল বছরটা শুরু করেছিল চারটি শিরোপা জেতার আশা নিয়ে। ডিসেম্বরে লিগ কাপ জিতেছে। এ বছর সে সঙ্গে এফএ কাপ, ইউরোপা ও লিগ জেতার স্বপ্ন ছিল তাদের। প্রথমে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের এফএ কাপ থেকে বিদায় দিয়েছে।
ইউরোপা লিগে ঘরের মাঠে আতালান্তার কাছে ৩ গোল খেয়ে বসায় ইউরোপ থেকেও ছুটি মিলেছে। গতকাল প্রায় নিশ্চিত হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগও আর জেতা হচ্ছে না। নগরপ্রতিদ্বন্দ্বী এভারটনের কাছে ২-০ গোলে হেরে গেছে।
আর্থিক অনিয়মের দায়ে পয়েন্ট কাটায় দুই ম্যাচ আগেও অবনমন অঞ্চলে ঘোরপাক খাচ্ছিল এভারটন। শিরোপার লড়াইয়ে আছে এমন দলের জন্য এভারটনের বিপক্ষে জয় পাওয়াটা দায়িত্বের পর্যায়ে পড়ে। আর লড়াইটা তো মর্যাদারও, মার্সিসাইড ডার্বি বলে কথা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতা কালও ডুবিয়েছে অলরেডদের।
লিগ শিরোপা হাত থেকে এক প্রকার ছিটকে যাওয়ায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ইয়ুর্গেন ক্লপ। নিজ দলের শিরোপার জেতার আর কোনো সম্ভাবনা আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে ক্লপ বলেছেন, ‘(আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি)র খুব বাজে সময় যেতে হবে। আমি জানি না। আমি শুধু আজকের (পারফরম্যান্সের) জন্য ক্ষমা চাইতে পারি। আমাদের সঙ্গে যারা আছেন, তারা জানেন আমাদের জন্যও এটা হজম করা কত কঠিন। আমাদের আরও ভালো করা উচিত ছিল কিন্তু আমরা পারিনি। ’
প্রথমার্ধে জারাড ব্রাথওয়েট এবং দ্বিতীয়ার্ধে ডোমিনিক কালভার্ট-লুইনের গোলে জয় পাওয়া এভারটন সমর্থকেরা ম্যাচ শেষে খোঁচা দিতে ভোলেননি ডার্বি-প্রতিদ্বন্দ্বিদের। শেষ বাঁশি বাজার পর গান গেয়েছেন, ‘তোমরা গুডিসন পার্কে লিগ ফেলে গেছ।’ ১৩ বছর পর ঘরের মাঠে ডার্বি জেতার সঙ্গে লিভারপুলের শিরোপার স্বপ্ন শেষ করে দিয়ে বাড়তি সুখ পেয়েছে এভারটন।
৩৪ ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট লিভারপুলের। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৭৭। ৭৩ পয়েন্ট নিয়ে তিনে আছে সিটি। কিন্তু সিটির হাতে দুই ম্যাচ আছে।
ম্যাচ শেষে মো সালাহ ও অন্যান্য ফরোয়ার্ডদের ব্যর্থতা নিয়ে আক্ষেপ করেছেন ক্লপ, ‘অনেক কিছু নিয়েই হতাশ। এভারটন যা চেয়েছি তাই হতে দিয়েছি। সেট পিস থেকে দুই গোল। অনেক সুযোগ সৃষ্টি করেও গোল পাইনি। আমরা তাড়াহুড়া করেছি কিন্তু নিখুঁত ছিলাম না। স্বীকার করতেই হচ্ছে, আমরা যথেষ্ট ভালো ছিলাম না।’
‘যথেষ্ট ভালো না’-এটা স্বীকার করে নিয়েছেন দলের অধিনায়ক ভার্জিল ফন দাইকও, ‘আমাদের আরও ভালো করতে হবে। এমন খেললে শিরোপার জেতার কোনো সম্ভাবনা নেই আমাদের।’
হাতে আর চারটি ম্যাচ আছে লিভারপুলের। টটেনহাম ও অ্যাস্টন ভিলার মতো চ্যাম্পিয়নস লিগ খেলার আশায় থাকা দুই দলের সঙ্গে ম্যাচ আছে তাদের। বাকি দুই ম্যাচ ওয়েস্টহাম ও উলভারহ্যাম্পটনের বিপক্ষে।