সালাউদ্দিন নিজেই টের পেলেন, এই গরমে রাতেই ম্যাচ হতে হবে

বাংলাদেশে চলমান তীব্র তাপদাহের মাঝে নারী ফুটবল লিগ মাঠে গড়িয়েছে আজ। অর্থ সংকট থাকায় রাতে ম্যাচ আয়োজন করতে পারবে না বলে গতকাল জানিয়েছিল বাফুফে। তবে আজ কমলাপুর স্টেডিয়ামে লিগ উদ্বোধন করতে এসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন এই গরমে খেলা যাবে না। 

কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইট থাকা সত্ত্বেও রোদের মধ্যে লিগ কেন এই প্রশ্নের উত্তরে গতকাল বাফুফে নির্বাহী সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ফ্লাডলাইটে খেলা চালাতে হলে বিদ্যুৎ বিল দিতে হবে জাতীয় ক্রীড়া পরিষদকে। আমাদের টাকা নেই। খুব কষ্ট করে আমরা স্পনসর এনে খেলা আয়োজন করি।’  

তবে আজ লিগ উদ্বোধন করতে এসেই বাফুফে সভাপতি নিজেই টের পেলেন এই গরমে দিনের বেলা খেলা সম্ভব না। কমলাপুর স্টেডিয়ামে আজ মেয়েদের ফুটবল লিগের উদ্বোধন করতে এসে বাফুফে সভাপতি বলেছেন, ‘যখন আমি মাঠে আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই বুঝেছি এই আবহাওয়ায় এখন মানুষের পক্ষে ফুটবল খেলা সম্ভব নয়। তখনই সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলাম, কীভাবে এটা (ফ্লাডলাইটে ম্যাচ আয়োজন) করা যায়। সে বলল, বড় বাজেট লাগবে। ক্রীড়া পরিষদের সঙ্গে কথা বলতে হবে। আমি বললাম, বলো। বাজেট জোগাড় করে দিচ্ছি। খেলা রাতে হবে। খেলাও ভালো হবে।’

টাকার অভাবে গরমের মধ্যেই বাফুফের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত বাফুফে সভাপতি আগে থেকেই জানতেন কিনা বা জানলে কখন জেনেছেন। এই ব্যাপারে প্রশ্ন করা হলে কাজী সালাউদ্দিন বলেছেন, ‘কাউকে দোষ দেয়া যায় না। অফিস যেটা করেছে ঠিকই করেছে। কারণ আমাদের ফান্ড সমস্যা রয়েছে। এই গান গাইতে গাইতে তেতো হয়ে গেছে। আবার আমি এখন যেটা করেছি সেটাও সঠিক।’