মেসির পাঁচ অ্যাসিস্ট? আগেই হ্যাটট্রিক করে রেখেছেন রোনালদো

আজ সকালে ইন্টার মায়ামির হয়ে রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। প্রথম কোনো খেলোয়াড় হিসেবে এমএলএস ইতিহাসে এক ম্যাচে পাঁচ অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন। প্রতিদ্বন্দ্বীর এমন রেকর্ডের আগেই অবশ্য শিরোনাম ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল রাতে সৌদি প্রো লিগে হ্যাটট্রিক করেছেন মহাতারকা।

সেটাও আবার পারফেক্ট হ্যাটট্রিক। রোনালদোর হ্যাটট্রিকে তাঁর দল আল নাসরও পেয়েছে ৬-০ ব্যবধানের বড় জয়।

আল ওয়াহদার বিপক্ষের হ্যাটট্রিক এই মৌসুমে লিগে রোনালদোর চতুর্থ। লিগে এই মৌসুমে এরই মধ্যে ৩২ গোল হয়ে গেছে রোনালদোর। শিরোপা জেতার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেলেও অন্তত একটি রেকর্ড হয়তো সঙ্গী হবে রোনালদোর। সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ৩৪। ২০১৯ সালে আবদের রাজ্জাক হামদাল্লাহর সে রেকর্ড ভাঙতে চার ম্যাচ হাতে পাবেন রোনালদো।

অবিশ্বাস্য কিছু না হলে সৌদি প্রো লিগ এবার আল হিলালই জিতছে। প্রায় পুরো মৌসুম নেইমারকে ছাড়া খেলেও আল নাসরের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে তারা। হাতে বাড়তি এক ম্যাচ আছে। আগামী পাঁচ ম্যাচে শুধু চার পয়েন্ট পেলেই চলবে তাদের। 

কিন্তু তাই বলে রোনালদোরা তো হাল ছেড়ে দিতে পারেন না। ঘরের মাঠে ৫ মিনিটে গোলকিপারের ভুল থেকে গোল করেন রোনালদো। সাত মিনিট পরই সাবেক রেয়াল মাদ্রিদ তারকা হেড থেকে দ্বিতীয় গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের ভেতর থেকে নেওয়া বাঁ পায়ের শটে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো।

ডান পা-মাথা ও বাঁ পা- পারফেক্ট এই হ্যাটট্রিকের আগেই অবশ্য আল নাসরের টানা সপ্তম জয় নিশ্চিত হয়ে যায়। কারণ ১৮ মিনিটে ওতাভিও এবং ৪৫ মিনিটে সাদিও মানে একটি করে গোল করেছিলেন। ৮৮ মিনিটে ওয়াহদার যন্ত্রণা বাড়িয়েছেন মোহামেদ আল- ফাতিল। 

এই মৌসুমে রোনালদোর ৪৫ গোল হয়ে গেছে এরই মাঝে। ২০১৬ সালের পর ক্লাব মৌসুমে এটাই তাঁর সেরা পারফরম্যান্স।