বার্সেলোনাকে হারিয়েই শক্তি ফুরিয়ে গেল এমবাপ্পেদের

এই মৌসুমে পিএসজির অতৃপ্তির শেষ হবে বলে মনে হচ্ছিল। নকআউটের ড্রতে সহজ দিকটায় পড়েছিল দলটি। একমাত্র বড় প্রতিপক্ষ ছিল বার্সেলোনা। সে বার্সেলোনার ঘরের মাঠে ৪-১ ব্যবধানের জয়ে সেমিফাইনালে ওঠার পর পিএসজিকেই ফেবারিট ভাবা হয়েছিল। কিন্তু ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ ব্যবধানে হেরে বসেছে পারিসিয়ানরা।

দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে হেরে আবারও সেমিফাইনাল থেকে ছিটকে পড়ল দলটি। এতে প্রায় ১০০ কোটি ইউরোর বিনিয়োগের পরও চ্যাম্পিয়ন্স লিগ এখনো অধরা থাকল কাতারের মালিকানাধীন ক্লাবটির।

ওদিকে কিলিয়ান এমবাপ্পে ও ওসমানে দেমবেলেদের বাজে পারফরম্যান্সের সুবাদে ১১ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ডর্টমুন্ড। এর আগে দুবার ফাইনালে উঠে একবার চ্যাম্পিয়নস লিগ জেতা দলটির কাল ড্র করলেই চলত। তবে পিএসজির আক্রমণের ঢেউ সামলে ৫০ মিনিটে গোল করেন ম্যাটস হামেলস। সে গোল পিএসজির কাজটা আরও কঠিন করে তোলে।

প্রথমার্ধে ঘুম ধরানো ফুটবল উপহার দেওয়া পিএসজি দ্বিতীয়ার্ধে জেগে উঠেছিল। বিরতির পর পর ওয়ারেন জাইরে এমেরির শট পোস্টে লেগে ফেরে। হামেলসের গোলের পর নুনো মেন্দেসের আরেকটি শট আটকে দেয় পোস্ট। এরপর এমবাপ্পে ও ভিতিনিয়ার শটও ক্রসবারে লেগে ফিরলে সবাই বুঝে যান, পিএসজির আর ম্যাচে ফেরা হচ্ছে না।