এই প্রতিবেদন লেখার সময়ে ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে আর্সেনালের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলছে। তবে গত ৭ মে তাদের আগের ম্যাচের এক ঘটনাই সাড়া ফেলে দিয়েছে ইংল্যান্ডে। সেদিন ক্রিস্টাল প্যালেসের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যান ইউনাইটেড। ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইন জানাচ্ছে, সে ম্যাচের পর ছদ্মবেশে লিজওয়ানি নামের এক ইউটিউবার ঢুকে পড়েছেন ইউনাইটেডের টিম বাসে!
ওই ইউটিউবারের অবশ্য ছদ্মবেশে কোথাও ঢুকে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে চলচ্চিত্রের পুরস্কার প্রদানবিষয়ক অনুষ্ঠান বাফটা-তে বিখ্যাত চলচ্চিত্র অপেনহাইমারের এক শিল্পীর সঙ্গে ছদ্মবেশে ঢুকে পড়েছিলেন। বালন দ’রের অনুষ্ঠানেও ঢুকে পড়েছেন। ম্যান ইউনাইটেডের ম্যাচের পর ক্রিস্টাল প্যালেসের মাঠের নিরাপত্তাকর্মীদেরও লিজওয়ানি ফাঁকি দিলেন মজার এক উপায়ে।
মজার উপায় বলতে, একেবারে ইউনাইটেডের খেলোয়াড় বনে গেছেন তিনি! ইউনাইটেডের অনুমোদিত ট্র্যাকসুট গায়ে চাপিয়েছেন, হাতে থাকা ওয়াশব্যাগটাও ঠিক ম্যান ইউনাইটেডের খেলোয়াড়দের ওয়াশব্যাগের মতো। কে জানে, ক্রিস্টাল প্যালেসের নিরাপত্তাকর্মীরা হয়তো লিজওয়ানিকে ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা কোনো খেলোয়াড়ই ভেবেছিলেন কিনা!
তবে প্যালেসের নিরাপত্তাকর্মীদের নজর এড়ালেও ইউনাইটেডের কর্তাব্যক্তিদের নজর এড়ানো তো এত সহজ নয়! ইউনাইটেডের কর্তাব্যক্তিরা তো আর নিজেদের খেলোয়াড় ভেবে ভুল করবেন না! তা-ই হলো। প্যালেসের নিরাপত্তাকর্মীদের এড়িয়ে ম্যান ইউনাইটেডের টিম বাসের পেছনের দিকে গিয়ে আসন বাগিয়ে বসেছিলেন লিজওয়ানি। কিন্তু পরে ইউনাইটেডের কর্তাব্যক্তিদের হাতে ধরা পড়ে যান।
ডেইলি মেইল ‘সংশ্লিষ্ট সূত্র’কে উদ্ধৃত করে জানিয়েছে, এরপর অবশ্য শান্তিপূর্ণ উপায়েই লিজওয়ানিকে বাস থেকে বের করে দেওয়া হয়েছে। তবে এই ঘটনাকে প্যালেসের দিক থেকে নিরাপত্তাজনিত হুমকি হিসেবেই ধরা হচ্ছে।