অবিশ্বাস্য বললেও যেন কম বলা হয়। অবনমনের শঙ্কায় থাকা এক দলের দায়িত্ব নিয়ে সে দলকে ইউরোপা লিগে জায়গা করে দেওয়াটাই বড় সাফল্য ছিল। কিন্তু শাবি আলোনসো এতেই থেমে থাকেননি।
কখনো লিগ জিততে না পারায় বায়ার লেভারকুসেনকে প্রতিপক্ষরা ঠাট্টা করে ‘নেভারকুসেন’ বলে ডাকত। সে দল এই মৌসুমে হারতেই ভুলে গেছে। বুন্দেসলিগায় গতকাল নিজেদের শেষ ম্যাচে অগসবুর্গকে ২-১ ব্যবধানে হারিয়েছে। তাতে বুন্দেসলিগার প্রথম দল হিসেবে অপরাজিত থাকার রেকর্ড গড়ল লেভারকুসেন। ‘নেভারকুসেন’কে এখন ডাকা হচ্ছে ‘নেভারলুসেন’ নামে।
শুধু বুন্দেসলিগা কেন, সব প্রতিযোগিতা মিলিয়েই এই মৌসুমে এখনো অপরাজিত লেভারকুসেন। অর্থাৎ মৌসুমের তিনটি শিরোপা জেতারই সুযোগ এখনও আছে দলটির। জার্মান কাপ ও ইউরোপা লিগের ফাইনালের অপেক্ষায় থাকা আলোনসো তাই ‘ইনভিন্সিবল’ ট্যাগ প্রাপ্তি নিয়ে ভাবার সময়ই পাচ্ছেন না। শীর্ষস্তরে কোচিং ক্যারিয়ারের দ্বিতীয় মৌসুমেই লেভারকুসেনের মতো দল নিয়ে ট্রেবল জেতার অকল্পনীয় কীর্তি গড়ার স্বপ্নে বিভোর সাবেক স্প্যানিশ মিডফিল্ডার।
অপরাজিত এক মৌসুম কাটানোর মাহাত্ম্য এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না আলোনসো। তবে বুঝতে পারছেন, যা করেছেন, তা বিশেষ কিছু, ‘এটা অনন্য এক মৌসুম, শুধু জার্মানিতে না, পুরো ইউরোপেই। আমরা এখন ইউরোপিয়ান ফুটবলের অংশ হওয়ার দাবিদার। ২০ বছর পর আমরা যখন ফিরে তাকাব, তখন বলতে পারব “আমরা ওটা করেছি।”’
তাই একটু সময় নিয়েই ব্যাপারটা উপভোগ করতে চাইছেন বিশ্বকাপ, ইউরো ও চ্যাম্পিয়নস লিগ জেতা সাবেক স্প্যানিশ মিডফিল্ডার, ‘ক্লাবের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। যেভাবে খেলেছি তাতে গর্ব করা উচিত। ৯০ পয়েন্ট এবং অপরাজিত। এই শিরোপার মূল্য বুঝতে একটু সময় লাগবে। প্রথম বুন্দেসলিগা শিরোপা কিন্তু অনেক বড় শিরোপা জয়।’
এই মৌসুমে এখন পর্যন্ত ৫১ ম্যাচ খেলে অপরাজিত আলোনসোর দল। ২২ মে আগামী বুধবার আতালান্তার বিপক্ষে ইউরোপা লিগের ফাইনাল খেলবে লেভারকুসেন। ২৫ মে জার্মান কাপের চমক দ্বিতীয় বিভাগের দল কাইজারস্লটার্নের বিপক্ষে খেলবে আরেকটি ফাইনাল। এই দুই ম্যাচে হার এড়াতে পারলেই ইউরোপের প্রথম দল হিসেবে শুধু অপরাজিত লিগ ন, অপরাজিত এক মৌসুম কাটানোর রেকর্ডও গড়বে ‘নেভারলুসেন।’
আলোনসো তাই লিগের কীর্তি নিয়ে ভাবার সময় পাচ্ছেন না, ‘আমার আরেকটু সময় লাগবে। কিন্তু হাতে সময় নেই, কারণ সামনে বড় কিছুর হাতছানি। এটা অনন্য এক সুযোগ। এ দিনটা মনে রাখব। লিগ ট্রফি এখানে পাওয়াটা বিশেষ দিন এবং সেটাও অপরাজিত থেকে। এই দল এখন বুন্দেসলিগা ইতিহাসে জায়গা করে নিয়েছে।’