আর্জেন্টিনার দল ঘোষণা, দিবালাই নেই

দলটা কোপা আমেরিকার চূড়ান্ত দল নয়। আপাতত কোপা আমেরিকার আগে যুক্তরাষ্ট্রে যে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, সে দুই ম্যাচের জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে ধারণা, এই দল থেকেই ৩ জন বাদ দিয়ে আগামী জুনে হতে যাওয়া কোপা আমেরিকার চূড়ান্ত দল দেবে আর্জেন্টিনা।

সে ক্ষেত্রে এই দুই ম্যাচের দল দেখেই একটা ধাক্কা খেতে পারেন আর্জেন্টিনা সমর্থকেরা – এ দলে যে পাওলো দিবালা নেই!

আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী দল থেকে চারজনকে এই দলে রাখেননি স্কালোনি। এর মধ্যে আলেহান্দ্রো পাপু গোমেস তো নিষিদ্ধঘোষিত ওষুধ নেওয়ার দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধই হয়ে আছেন। ভিয়ারিয়ালের হুয়ান ফয়েথ এই মৌসুমে চোটের কারণে সব মিলিয়ে স্প্যানিশ লিগে খেলতে পেরেছেন মাত্র ১২ ম্যাচ।

লিওনেল মেসির মতোই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলা মিডফিল্ডার থিয়াগো আলমাদাও নেই, তবে আটলান্টা ইউনাইটেডের এই মিডফিল্ডারকে আর্জেন্টিনা অলিম্পিকের জন্য বিবেচনায় রেখেছে বলে জানাচ্ছে মুন্দো আলবিসেলেস্তে। প্রসঙ্গত, অলিম্পিকে মূলত খেলবে অনূর্ধ্ব-২৩ দল, যেখানে এর বয়সী খেলোয়াড় রাখা যাবে তিনজন।

এর বাইরে দিবালার বাদ পড়াই শুধু চমক হয়ে আসছে। চোটজর্জর ক্যারিয়ারের ‘ধারা’ মেনে এই মৌসুমেও চোটে ভুগেছেন দিবালা, তবে এর মধ্যেও রোমার হয়ে ভালোই খেলেছেন। লিগে ২৭ ম্যাচে ১৩ গোল ৯ অ্যাসিস্ট, সব মিলিয়ে মৌসুমে ৩৮ ম্যাচে ১৬ গোল ১০ অ্যাসিস্ট। জানুয়ারিতে উরুর চোটের পর মার্চে অ্যাডাক্টরের চোট কাটিয়ে ফেরা দিবালা সম্প্রতি অবশ্য পেশির চোট নিয়েই খেলে চলেছেন।

তবে দিবালাকে কেন বাদ দেওয়া হয়েছে, সে ব্যাখ্যা এখনো আর্জেন্টিনার পক্ষ থেকে আসেনি।

দিবালার বাইরে পোর্তোর ডিফেন্সিভ মিডফিল্ডার আলান ভারেলা এবং বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসির জায়গা না পাওয়া নিয়েও প্রশ্ন আছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমে।

কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ হন্ডুরাস ও ইকুয়েডরের বিপক্ষে।

আর্জেন্টিনার ২৯ সদস্যের স্কোয়াড

গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), হেরোনিমো রুই (আয়াক্স), এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা)

ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল (নটিংহ্যাম ফরেস্ট), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্শেই), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম), হেরমান পেসসেয়া (রেয়াল বেতিস), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (ম্যান ইউনাইটেড), মার্কোস আকুনিয়া (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), ভালেন্তিন বার্কো (ব্রাইটন)

মিডফিল্ডার: গিদো রদ্রিগেস (বেতিস), লিয়ান্দ্রো পারেদেস (রোমা), আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার (লিভারপুল), রদ্রিগো দে পল (বায়ার লেভারকুসেন), এনসো ফের্নান্দেস (চেলসি), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম)

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া (বেনফিকা), ভালেন্তিন কারবোনি (মোনসা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ), আলেহান্দ্রো গারনাচো (ম্যান ইউনাইটেড), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), লওতারো মার্তিনেস (ইন্তের মিলান), হুলিয়ান আলভারেস (ম্যান সিটি)।