৮৩ দিনে এক দলকে ডুবিয়েছেন, এবার গেলেন কোনোমতে রক্ষা পাওয়া দলে

ইংল্যান্ডের সাবেক খেলোয়াড়রা কোচ হিসেবে যাচ্ছেতাই পারফরম্যান্স দেখাচ্ছেন। ফ্র্যাংক ল্যাম্পার্ড ছাঁটাই হয়েছেন চেলসি থেকে। স্টিভেন জেরার্ড তো ইউরোপ থেকে সৌদি আরবে গিয়েও সুবিধা করতে পারছেন না। তবে সবচেয়ে তলানিতে আছেন ওয়েইন রুনি।

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাব বার্মিংহামের দায়িত্ব নিয়েছিলেন। মাত্র ৮৩ দিন দায়িত্বে ছিলেন। ১৫ ম্যাচের নয়টি হারের পর তাঁকে ছাঁটাই করেছিল বার্মিংহাম। তবু লাভ হয়নি। দলটি অবনমিত হয়ে লিগ ওয়ান-এ চলে গেছে। 

ওদিকে বার্মিংহাম অবনমিত হওয়ায় বেঁচে গেছে প্লাইমাউথ। লিগে বার্মিংহামের ঠিক উপরে অর্থাৎ ২১তম স্থানে ছিল প্লাইমাউথ।এবং কোনোমতে রক্ষা পেয়ে সে ক্লাব কী সিদ্ধান্ত নিয়েছে? তিন বছরের জন্য রুনিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার!

প্লাইমাউথের চেয়ারম্যান সাইমন হালেট বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রুনি নিজেই আগ্রহ দেখিয়েছিলেন, ‘পুরো ইন্টারভিউতে ওয়েইন দেখিয়েছেন তিনি কতটা আবেগি, বুদ্ধিমান ও প্রজ্ঞাবান কোচ যিনি নিজেকে প্রমাণ করতে চান এবং ম্যানেজার হিসেবে ক্যারিয়ার এগিয়ে নিতে চান। হালেট বলেছেন, ‘রোমাঞ্চকর ও আক্রমণাত্মক ফুটবল’ উপহার দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে রুনিকে।

বার্মিংহাম থেকে বিদায় নেওয়ার পর গত কয়েক মাস মিডিয়াতে কাজ করে কাটিয়েছেন রুনি। আগামী ২০২৪ ইউরোতেও বিবিসিতে বিশ্লেষক হিসেবে কাজ করবেন তিনি।