লিওনেল মেসি, নেইমার জুনিয়র…কিলিয়ান এমবাপ্পে। পিএসজিতে শান্তি বুঝি কেউই পেলেন না। মেসি আর নেইমার তো বিরক্ত হয়ে ক্লাবই ছেড়ে দিয়েছেন, এমবাপ্পে পিএসজির প্যাঁচটা টের পাচ্ছেন ক্লাব ছাড়তে চাওয়ার পর থেকে।
এর আগেও দুবার ক্লাবটা ছাড়তে চেয়ে অনেক সংবাদের শিরোনাম আর বিতর্কের জন্ম দিয়েছিলেন এমবাপ্পে। দুবারই অবশ্য বেতন আর কর্তৃত্ব বাড়িয়ে ক্লাবে থেকে গেছেন। তবে এবার এমবাপ্পে আনুষ্ঠানিকভাবে জানিয়েই দিয়েছেন, এই মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন।
কিন্তু এই সিদ্ধান্তের পর থেকেই পিএসজি এবং এর কাতারি মালিকপক্ষের নিয়োজিত চেয়ারম্যান নাসের আল-খেলাইফির ক্ষোভের মুখে পড়েছেন এমবাপ্পে। দেখেশুনে মনে হচ্ছে, ফরাসি তারকার ক্লাব ছাড়ার প্রক্রিয়াকে মোটেও শান্তিপূর্ণ হতে দিতে রাজি নন আল-খেলাইফি। নতুন খবর, এমবাপ্পের বেতন-বোনাস আটকে দিয়েছেন তিনি! অঙ্কটাও বিশাল – প্রায় ৮ কোটি ইউরো! বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা।
ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে এই খবর। তাদের প্রতিবেদন বলছে, মে মাস প্রায় শেষ হতে চললেও এখনো এপ্রিলের বেতন পাননি এমবাপ্পে। এছাড়া একটা বোনাসের অঙ্কও পাওনা হয়ে আছে, যেটা ফেব্রুয়ারি মাসেই পাওয়ার কথা ছিল তাঁর। এই এপ্রিলের বেতন আর ফেব্রুয়ারিতে পাওনা হয়ে যাওয়া বোনাস মিলিয়েই অঙ্কটা ৮ কোটি ইউরো বলে জানাচ্ছে লে’কিপ।
তা এমবাপ্পেকে এত বড় অঙ্কের অর্থ দেওয়া হয়নি কেন? পিএসজি নাকি কারণ হিসেবে জানিয়েছে, তাদের বেতন-বোনাস দেওয়ার ব্যাপারটা মনে ছিল না! তবে আসল কারণটা কী, সেটা বোঝা যাবে লে’কিপের প্রতিবেদন থেকে। যেখানে ‘৮ কোটি ইউরো’ অঙ্কটা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে!
গত মৌসুমেও তো এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন ছিল। তখন অনেক নাটকের পর শেষ পর্যন্ত এমবাপ্পে পিএসজিতে থেকে যান, তবে পিএসজি এবং আল-খেলাইফি তখন একটা চাল দিয়েছিলেন। পিএসজিতে এমবাপ্পের চুক্তি অনুযায়ী গত জুলাইয়ে যে ৮ কোটি ইউরো ‘লয়্যালটি বোনাস’ পাওয়ার কথা ছিল এমবাপ্পের, সেটা তখন দেয়নি পিএসজি।
কিন্তু গত ফেব্রুয়ারিতে এমবাপ্পেকে অর্থটা দিয়ে দেয় পিএসজি। আল-খেলাইফির ঘনিষ্ঠ লোকজনকে সূত্র হিসেবে জানিয়ে লে’কিপ লিখেছে, তখন এমবাপ্পেকে আল-খেলাইফি অর্থটা ফিরিয়ে দিয়েছেন অদ্ভুত এক ভাবনা থেকে। আল-খেলাইফির নাকি তখন প্রত্যাশা ছিল - মৌসুম শেষে পিএসজির চুক্তি শেষ করে এমবাপ্পে যদি রেয়াল মাদ্রিদে চলেই যান, তখন ‘ভালো সম্পর্কে’র কারণে রেয়াল মাদ্রিদের পক্ষ থেকে এই অর্থটা পিএসজিকে দেওয়া হবে।
অদ্ভুত খেয়ালই বটে! এই মৌসুম শেষেই পিএসজিতে এমবাপ্পের চুক্তি শেষ, এখন এমবাপ্পেকে নিতে কেন পিএসজিকে এক ইউরোও দেবে কোনো ক্লাব! রেয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসও স্বাভাবিকভাবেই কানাকড়িও দিতে অস্বীকৃতি জানিয়েছেন! কিন্তু শিশুতোষ খেয়াল নিয়ে বসে থাকা আল-খেলাইফি এতে খেপেছেন।
ওই ৮ কোটি ইউরোই এখন এমবাপ্পের বেতন-বোনাস আটকে উশুল করতে চাইছেন আল-খেলাইফি। পিএসজি এবং এমবাপ্পের আইনজীবীরা এখন এ নিয়ে আলোচনায় বসেছে।