এমএলএসে আজ হেরে গেছে ইন্টার মায়ামি। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে হেরে গেছেন লিওনেল মেসিরা। এক ম্যাচ বিরতি দিয়ে মাঠে নেমে গোল পেয়েছেন মেসি। কিন্তু সেটা ২৩ মার্চের পর লিগে দলটির প্রথম হার ঠেকাতে যথেষ্ট হয়নি।
এই মৌসুমে ক্লাবের হয়ে ১৩ ম্যাচে ১২ গোল ও ১১ অ্যাসিস্ট মেসির। তবে বাকি সাত ম্যাচে মাঠে নামেননি তিনি। তাই উপস্থিত এক সাংবাদিক সংবাদ সম্মেলনে কোচ তাতা মার্তিনোর কাছে প্রশ্ন করেন, আগামী মাসে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য নিজেকে বাঁচিয়ে খেলছেন কিনা মহাতারকা। জবাবে আর্জেন্টিনা দলের সাবেক কোচ পরিষ্কারভাবে কিছু বলেননি।
ভ্যানকুভারের বিপক্ষে মেসি বিশ্রামে ছিলেন। তবু ২-১ গোলের জয় পেয়েছিল মায়ামি। আজ প্রতিপক্ষ ছিল আটালান্টা, যারা নয় ম্যাচ ধরে জয়হীন। ঘরের মাঠে এমন এক দলের বিপক্ষে জয়ই প্রত্যাশিত ফল। কিন্তু সাবেক দলের বিপক্ষে হেরে বসেছেন মার্তিনো। ৪৪ ও ৫৯ মিনিটে গোল করেন সাবা লবইয়ানিজে।
৬২ মিনিটে এক গোল শোধ করেন মেসি। কিন্তু ১১ মিনিট পর ব্যবধান আবার বাড়ান জামাল থিয়ারে।
গোল করলেও মাঠে ঠিক ছন্দে ছিলেন না মেসি। বরং আটালান্টার হয়ে ম্যাচে ছড়ি ঘুরিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার থিয়াগো আলমাদা। সংবাদ সম্মেলনে তাই প্রশ্ন করা হয়েছিল, মেসি কি ২০ জুন শুরু হওয়া কোপা আমেরিকার জন্য নিজেকে বাঁচিয়ে খেলছেন কি না।
এ প্রশ্নে স্পষ্ট বিরক্ত হয়ে মার্তিনো বলেছেন, ‘না, মেসি কোপা আমেরিকার জন্য নিজেকে বাঁচিয়ে খেলছে কিনা, এমন গুঞ্জনের কোনো জবাব দেব না। কারণ এমন প্রশ্ন ভিত্তিহীন।’
মার্তিনো বরং নিজেদের খেলা নিয়েই আলোচনা করতে আগ্রহী ছিলেন, ‘এ ম্যাচ থেকে ইতিবাচক কিছু নেওয়ার নেই। আটালান্টার বিপক্ষে আমরা এক ধাপ পিছিয়ে ছিলাম। আমরা যে মানে খেলছিলাম, তার চেয়ে পিছিয়ে ছিলাম আজ এবং এটা একদম অপ্রত্যাশিত। সোম বা মঙ্গলবার অনুশীলনে আমি কোনো ক্লান্তির ছাপ দেখিনি। কী ভুল হয়েছে সেটা খুঁজতে আমাকে গভীর বিশ্লেষণ করতে হবে না, কারণ সবকিছুই বাজে ছিল আজ।’