লিওনেল মেসির ক্যারিয়ারের সবচেয়ে অস্বস্তিকর অধ্যায় কোনটি? এ প্রশ্নের উত্তরে সম্ভবত এক মুহূর্তও না ভেবে পিএসজির কথাই বলবেন সবাই। দুই মৌসুম ছিলেন সেখানে, দুবারই চ্যাম্পিয়নস লিগে বিদায় নিয়েছেন শেষ ষোলোতে। লিগ জিতেছেন বটে, তবে কাতারি মালিকানায় যাওয়ার পর থেকেই ফ্রেঞ্চ লিগে আধিপত্য দেখানো পিএসজিতে লিগ জেতাকে আলাদা করে গুরুত্ব দিতে যায় কে!
সেই মেসি পিএসজি-দুঃস্বপ্নকে পেছনে ফেলে গত বছরই গেছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। ক্যারিয়ারের বিবেচনায় বলা যায়, অবসরের আগে একটু নির্ভার হয়ে খেলতেই যুক্তরাষ্ট্রে গেছেন মেসি। পাশাপাশি অর্থকড়ির হিসাব তো আছেই!
তবে এই মায়ামিতেই এবার এমন এক অস্বস্তিতে পড়লেন মেসি, যা পিএসজিতে দুই বছরেও হয়নি। এমএলএসে আজ আর্জেন্টিনা অধিনায়ক গোল পেলেও আর্জেন্টিনারই আরেক বিশ্বকাপজয়ী মিডফিল্ডার থিয়াগো আলমাদার দল আটলান্টা ইউনাইটেডের কাছে ৩-১ গোলে হেরেছে মায়ামি। তাতেই ‘রেকর্ড’ - মেসি গোল করেছেন, আর তাঁর দল হেরেছে – এমনটা যে তিন বছরেই এই প্রথম হলো! পিএসজিতে এমন কখনো হয়নি, মায়ামিতে এই প্রথম।
মায়ামির আগে মেসির এমন অভিজ্ঞতা সর্বশেষবার হয়েছিল ২০২১ সালের ১৬ মে, সেলতা দে ভিগোর বিপক্ষে সেদিন গোল করেও বার্সেলোনাকে জেতাতে পারেননি মেসি।
ইন্টার মায়ামিতে গত মৌসুমে মেসি যোগ দেওয়ার আগেই দলটা ছিল পয়েন্ট তালিকার তলানিতে। লিগের মাঝপথে যোগ দেওয়া মেসি পরে দলটাকে কিছুটা জাগিয়ে তুললেও শেষ পর্যন্ত প্লে-অফে ওঠাতে পারেননি, অবশ্য শেষ দিকে চোটের কারণে কয়েকটা ম্যাচে মেসি খেলতে পারেননি। এর মধ্যেই অবশ্য মায়ামিকে তাদের ইতিহাসের প্রথম শিরোপা এনে দিয়েছেন লিগ কাপ জিতিয়ে।
এই মৌসুমে সুয়ারেস, বুসকেতস, আলবাকে দলে টেনেছে ইন্টার মায়ামি। পুরোনো বন্ধুদের পেয়ে মেসিও আরও উজ্জ্বল। চোট এবারও ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন শরীরে বাসা বেঁধেছে, তবু এরই মধ্যে মৌসুমে ১৪ ম্যাচে গোল করেছেন ১৩টি, করিয়েছেন আরও ১১টি। এমন পারফরম্যান্সের পর এমএলএসের সেরা খেলোয়াড়ের পুরস্কার যে মেসিই পাবেন, সে নিয়ে সংশয়ও সামান্যই।
এর মধ্যেই অবশ্য কনক্যাকাফ অঞ্চলের ‘চ্যাম্পিয়নস লিগ’ – কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে মায়ামি, কোয়ার্টার ফাইনালের দুই লেগের একটিতে মেসি খেলতে পারেননি চোটের কারণে।
আজকের হারে লিগের শীর্ষস্থানও বুঝি গেল মায়ামির! এখনো ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মায়ামি, তবে দুই নম্বরে থাকা সিনসিনাটি তাদের পরের ম্যাচ জিতলেই শীর্ষস্থান হারাবে মায়ামি। সিনসিনাটির পয়েন্ট ১৬ ম্যাচে ৩৩।