রোনালদোকে কিছুই জিততে না দিয়ে কাঁদাল নেইমারের দল

সৌদি কিংস কাপের ফাইনালেও পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২২ সালের শেষ দিনে বিশ্বকে চমকে দিয়ে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর এখনো ঘরোয়া কোনো টুর্নামেন্টে আল-হিলালকে হারাতে পারেননি রোনালদো।

গতকাল এই মৌসুমের শেষ আশা সৌদি কিংস কাপের ফাইনালে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে কান্নায় ভেঙে পড়েন রোনালদো। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতায় থাকা এই ম্যাচে নিশ্চিত হলো, এই মৌসুমেও ঘরোয়া কোনো ট্রফি জেতা হচ্ছে না রোনালদো ও তাঁর দল আল নাসরের।

২০২৩ সাল থেকে আল নাসরের জার্সি পরছেন রোনালদো। প্রথম মৌসুমে আল হিলালের বিপক্ষে ২-০ গোলে হেরেছিলেন। এ মৌসুমেও প্রথম ম্যাচে আল-হিলালের কাছে হেরেছে আল নাসর। মৌসুমের মাঝপথে রিয়াদ সিজন কাপে হেরেছেন রোনালদোরা। ঘরের মাঠের লিগ ম্যাচেও ড্র।

শুধু আরব কাপ চ্যাম্পিয়নস কাপের ফাইনালে রোনালদোর জোড়া গেলে জয় পেয়েছিল আল নাসর। কিন্তু মৌসুমের শেষভাগে আরব সুপার কাপেও আল হিলালের কাছে হেরেছে আল নাসর। এরপর আবার গতকালের হার।

লিগে আল-হিলালের কাছে পাত্তা পায়নি আল নাসর। তবে কাপে সে দুঃখ ঘোচানোর সুযোগ পেয়েছিল। প্রত্যাবর্তনটাও হয়েছিল দুর্দান্ত।  মাত্র ৭ মিনিটে পিছিয়ে পড়া আল নাসর ৫৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে লাল কার্ড দেখেন গোলকিপার ওসপিনা। তবু এই বাধা ডিঙ্গিয়ে ৮৮ মিনিটে গোল শোধ করেন আইমান ইয়াহিয়া।

এরে আগে পরে ৩ মিনিটে দুই আল হিলাল খেলোয়াড় লাল কার্ড দেখলে ম্যাচ রোনালদোদের দিকেই হেলে পড়ে। কিন্তু যোগ করা সময় বা অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দল গোল করতে পারেনি। পেনাল্টি টাইব্রেকারেও জয়ের দারুণ সুযোগ সৃষ্টি হয়েছিল।

৪-৪ অবস্থায় সাডেন ডেথ শুরু হলে আল হিলালের সৌদ আবদুলহামেদ গোল করতে ব্যর্থ হন। কিন্তু রোনালদোর সতীর্থ আলী আল হাসান। আল হিলালকে এগিয়ে দেন নাসর আল দসারি। জবাবে আল নিমার ব্যর্থ হলে হিলালের মৌসুমের ডাবল নিশ্চিত হয়।

নিমারের ব্যর্থতায় মাঠেই বসে পড়েন রোনালদো। সতীর্থ ও কোচিং স্টাফরা এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। 

লিগে ৩৫ গোল করেও দলকে কিছু এনে দিতে পারেননি রোনালদো। ওদিকে নেইমার মৌসুমের প্রায় পুরোটাই চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। অক্টোবরের পর থেকে দর্শক বনে যাওয়া নেইমার কালু ছিলেন গ্যালারিতে।