গত মে মাসের মাঝামাঝি ২৯ সদস্যের দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। সেটি কোপার চূড়ান্ত দল ছিল না। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচের জন্য প্রাথমিক দলটি ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
সে দলে জায়গা পাননি আর্জেন্টিনার ‘নতুন মেসি’ খ্যাত আর্জেন্টিনা। সমর্থকেরা আশায় ছিলেন, প্রীতি ম্যাচের দলে না থাকলেও হয়তো কোপার মূল দলে ডাক পেতে পারেন এএস রোমা তারকা। সে সময় আর্জেন্টাইন অনেক সংবাদমাধ্যম ধারণা করেছিল, দিবালা কোপার দলে ডাক পাবেন না। বরং প্রীতি ম্যাচের ২৯ দল থেকেই ৩ জনকে বাদ দিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন স্ক্যালোনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের অনুমানটাই সঠিক হয়েছে। আজ কোপার জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ। আগের ২৯ সদস্যের দল থেকে বাদ পড়েছেন লিওনার্দো বালের্দি, ভালেন্তিন বার্কো ও আনহেল কোরেয়া। দিবালা তো আগে থেকেই ছিলেন না। যাদের জায়গা পাওয়া নিয়ে শঙ্কা ছিল, তাদের মধ্যে কোপার স্কোয়াডে জায়গা পেয়েছেন আলেহান্দ্রো গারনাচো ও ভালেন্তিন কারবোনি।
এ দুজনের মধ্যে গারনাচোর জায়গাটা অনেকের কাছে চমক মনে হতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এ তরুণ স্ট্রাইকার যে লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর অন্ধভক্ত!
গত সোমবার ইকুয়েডর ও আজ সকালে গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। দুটি ম্যাচেই প্রত্যাশিত জয় পেয়েছে স্কালোনির দল। মূলত এ দুটি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স ও ফিটনেসে বাড়তি নজর রেখেছিলেন আর্জেন্টাইন কোচ।
আগামী শুক্রবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে আর্জেন্টিনা পরের দুটি ম্যাচ খেলবে চিলি ও পেরুর বিপক্ষে।
কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত দল:
গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), হেরোনিমো রুই (আয়াক্স), এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা)
ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল (নটিংহ্যাম ফরেস্ট), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম), হেরমান পেসসেয়া (রেয়াল বেতিস), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (ম্যান ইউনাইটেড), মার্কোস আকুনিয়া (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ)।
মিডফিল্ডার: গিদো রদ্রিগেস (বেতিস), লিয়ান্দ্রো পারেদেস (রোমা), আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার (লিভারপুল), রদ্রিগো দে পল (বায়ার লেভারকুসেন), এনসো ফের্নান্দেস (চেলসি), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম), এক্সিগেল পালাসিওস (লেভারকুসেন)।
ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া (বেনফিকা), ভালেন্তিন কারবোনি (মোনসা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), আলেহান্দ্রো গারনাচো (ম্যান ইউনাইটেড), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), লওতারো মার্তিনেস (ইন্তের মিলান), হুলিয়ান আলভারেস (ম্যান সিটি)।