আর দিন চারেক বাকি, বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে কানাডার বিপক্ষে লিওনেল মেসির আর্জেন্টিনার ম্যাচ দিয়েই শুরু হবে এবারের কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকান অঞ্চলের ১০ দলের পাশাপাশি কনক্যাকাফ অঞ্চলের ছয় দল নিয়েই যুক্তরাষ্ট্রে হচ্ছে এবারের টুর্নামেন্ট। সেখানে যুক্তরাষ্ট্র-মেক্সিকোর মতো দল আর গত কয়েক বছরে দারুণ উন্নতি করা কলম্বিয়া-ইকুয়েডর প্রতিদ্বন্দ্বীতা বাড়াবে বলে আশা করা হলেও ব্রাজিল, উরুগুয়ে আর আর্জেন্টিনাকেই মানা হচ্ছে ফেবারিট।
তা বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এবার আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হতে যাওয়া কোপা আমেরিকায় নামার আগে মেসির আর্জেন্টিনা কোথায় ফুরফুরে মেজাজে থাকবে, এর মধ্যে এল নেতিবাচক এক খবর। আর্জেন্টিনার তিন খেলোয়াড়ের বিরুদ্ধে উঠেছে নারী নির্যাতনের অভিযোগ।
কলম্বিয়ান এক রেডিও চ্যানেলে সাংবাদিক হাভিয়ের এর্নান্দেস বোনেতের সঙ্গে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের সাবেক খেলোয়াড় সেবাস্তিয়ান ভিয়ার আলোচনায় বিষয়টি উঠে এসেছে বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তিন খেলোয়াড়ের নামও প্রকাশ করা হয়েছে সেখানে – থিয়াগো আলমাদা, আনহেল কোরেয়া ও এজেকিয়েল পালাসিওস।
তিনজনই আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী দলে ছিলেন, তবে এবারের কোপা আমেরিকার দলে আছেন শুধু পালাসিওস। কোরেয়া প্রাথমিক দলে থাকলেও গতকাল ঘোষিত চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন, আর আলমাদাকে রেখে দেওয়া হয়েছে তাঁকে অলিম্পিকের দলে রাখা হবে বলে।
কলোম্বিয়ার ব্লু রাদিওর ‘ব্লগ দেপোর্তিভো’ অনুষ্ঠানে সাংবাদিক হাভিয়ের এর্নান্দেস বলেছেন, আর্জেন্টিনায় বোকা জুনিয়র্সের সাবেক খেলোয়াড় সেবাস্তিয়ান ভিয়ার বিরুদ্ধে চলমান নারী নির্যাতনের মামলার ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়েই আলমাদা-পালাসিওস-কোরেয়ার এই খবর পেয়েছেন তিনি। কেঁচো খুড়তে সাপ বেরিয়ে এসেছে আর কী!
গত ১৪ জুন প্রচারিত ওই অনুষ্ঠানে হাভিয়ের এর্নান্দেস শুরুতে বললেন, ‘এমন একটা খবর আমার কাছে আছে যেটা ঝড় তুলে দেবে। প্রথমে আমি ভেবেছিলাম খবরটা বোকা জুনিয়র্সের সাবেক স্ট্রাইকার সেবাস্তিয়ান ভিয়ার ব্যাপারে। কিন্তু এ নিয়ে খোঁজখবর করতে গিয়ে আমি আরও তাৎপর্যপূর্ণ খবর হাতে পেয়েছি। এমন একটা খবর যেটা দক্ষিণ আমেরিকায় ও বিশ্বজুড়ে শিরোনাম তৈরি করবে।’
আর্জেন্টাইন নাগরিক হুয়ান হোসে বুসকালিয়া অনুষ্ঠানটিতে ছিলেন, যিনি অনুষ্ঠানে নিয়মিতই থাকেন বলে জানাচ্ছে মার্কা। তাঁর সঙ্গে আলাপ চালিয়ে যেতে যেতে হাভিয়ের এর্নান্দেস বললেন, ‘জানতে পারলাম যে কলম্বিয়ান কয়েকটা ক্লাব নাকি সেবাস্তিয়ান ভিয়াকে চুক্তির প্রস্তাব দিয়েছে। সে কারণে ভিয়ার মামলার পরিস্থিতি জানতে খোঁজখবর চালাচ্ছিলাম। সেই প্রক্রিয়ায়ই এক পর্যায়ে খবর পেলাম, আর্জেন্টিনা দলের তিন খেলোয়াড়ের বিরুদ্ধে পুয়ের্তো মাদেরোতে এক নারীকে নির্যাতনের অভিযোগ আছে।’
খবরের উৎস কী? হাভিয়ের এর্নান্দেস জানালেন, সেবাস্তিয়ান ভিয়ার মামলা নিয়ে লড়তে থাকা আইনজীবীর কাছ থেকে তিনি এই খবর পেয়েছেন। ওই আইনজীবীর আর্জেন্টিনায় অনেক খ্যাতি আছেও বলে জানিয়েছেন।
আইনজীবী প্রথমে আর্জেন্টিনার তিন খেলোয়াড়ের নামের আদ্যক্ষর তাঁকে দিয়েছিলেন বলে জানিয়েছেন হাভিয়ের এর্নান্দেস – ‘টি’, ‘ই’ ও ‘আ।’ পরে আলোচনা চলতে চলতে এক পর্যায়ে নাম তিনটি প্রকাশ করে দেন হাভিয়ের এর্নান্দেস – থিয়াগো আলমাদা, এজেকিয়েল পালাসিওস ও আনহেল কোরেয়া।