ফিফা র‍্যাঙ্কিং

বাংলাদেশ এক ধাপ নিচে নেমেছে, পাকিস্তান দুই ধাপ, ভারত তিন

বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ লড়েও ২-০ গোলে হার, এরপর শেষ ম্যাচে কাতারের মাটিতে লেবাননের কাছে উড়ে গেছে ৪-০ গোলে। জুন মাসের ম্যাচ দুটি বাংলাদেশ দলের জন্য মিশ্র অনুভূতিই দিয়ে গেছে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন লড়াই-ই করুক, কাগজে-কলমে তো হারই লেখা।

দুই হারের প্রভাব পড়েছে বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে। গত এপ্রিলে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছিল বাংলাদেশ, আজ প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়েও এক ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। এই মুহূর্তে বাংলাদেশের র‍্যাঙ্কিং ১৮৫।

প্রতিবেশি দেশ ভারতেরও অবনমন হয়েছে। গত বছর দুয়েকে ১০০-র আশপাশে ঘোরাঘুরি করা ভারত সর্বশেষ প্রকাশিত কয়েকটি র‍্যাঙ্কিংয়ে আবার নিচের দিকেই নামছে। আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে আরও তিন ধাপ অবনমিত হয়ে ভারতের র‍্যাঙ্কিং ১২৪। পাকিস্তান দুই ধাপ নিচে নেমে এখন আছে ১৯৭ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে অদলবদলে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর আছে। এক ধাপ এগিয়ে ব্রাজিল এখন আছে ৪ নম্বরে, পাঁচে নেমে গেছে ইংল্যান্ড। শীর্ষ দশে আরেকটি বদল – ইতালিকে দশে নামিয়ে নয় নম্বরে উঠে গেছে ক্রোয়েশিয়া।

আর্জেন্টিনা শীর্ষেই আছে। ফ্রান্স ও বেলজিয়াম শীর্ষ তিনে অবস্থান ধরে রেখেছে।  শীর্ষ দশের বাকি তিন দল – পর্তুগাল (৬), নেদারল্যান্ডস (৭) ও স্পেন (৮)।