আর্জেন্টিনার কোনো কিছুই ভালো লাগেনি তাঁর

টাইব্রেকার নাটকীয়তায় আজ ইকুয়েডরকে ৪-২ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময় লিসান্দ্রো মার্তিনেসের গোলে এগিয়ে গেলেও ম্যাচের শেষ মুহূর্তে সমতায় ফেরে ইকুয়েডর। ম্যাচের ফল নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আবার প্রথম শটটাই মিস করে বসেন লিওনেল মেসি।

আর্জেন্টাইন অধিনায়কের মিসেও দেশটির সমর্থকদের হতাশ হতে দেননি মার্তিনেস। দুর্দান্ত দুটি সেভে আর্জেন্টিনাকে সেমিতে তোলেন। আলবিসেলেস্তেরা শেষ চারে উঠলেও মাঠে মেসি-আলভারেসদের খেলা মন ভরাতে পারেনি দলটির কোচ লিওনেল স্কালোনির। ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে তেমনটাই জানিয়েছেন তিনি।

ইকুয়েডরকে শক্তিশালী প্রতিপক্ষ আখ্যা দিয়ে স্কালোনি বলেছেন, ‘আমরা খুব কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলাম, যারা শারীরিকভাবে খুবই শক্তিশালী। প্রথমার্ধে আমরা আরও গোল করতে পারতাম। কিন্তু দ্বিতীয়ার্ধ খুব কঠিন ছিল। ওরা ম্যাচটা কঠিন করে তুলেছিল। কিন্তু আমরা কখনোই ব্যক্তিগত পারফরম্যান্সকে দলীয় পারফরম্যান্স হতে আলাদা করিনি। গুরুত্বপূর্ণ বিষয় হলো, দলীয় পারফরম্যান্স সবসময় কাজে দেয়।’

পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে ইকুয়েডর। সেটা উঠে এল আর্জেন্টিনা কোচের কথাতেও, ‘সত্যি বলতে, আজকের খেলা আমার ভালো লাগেনি। (ম্যাচ জিতে) আমরা অবশ্যই খুশি। কিন্তু এবার দলের খেলা আমার মন ভরাতে পারেনি। কখনো কখনো ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। কিন্তু (আর্জেন্টিনা) ভালো খেলুক বা খারাপ খেলুক, খেলোয়াড়েরা সবসময় প্রতিক্রিয়া দেখিয়েছে।’

দলের একমাত্র গোলদাতাকে নিয়ে যেমন খুশি স্কালোনি, তেমনি মার্তিনেসের ওপর ভরসার কথাও জানলেন অকপটে, ‘আমি লিসান্দ্রো মার্তিনেসকে নিয়ে খুশি। ও দারুণ একটা ম্যাচ খেলেছে। ও ক্লান্ত ছিল। আমি ওকে দেখে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। টাইব্রেকারে পুরো দল গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের ওপর অন্ধবিশ্বাস রাখে। ও পেনাল্টি ঠেকাচ্ছে, এটা দারুণ। পুরো মাঠে এটার জন্য বাহবা পাচ্ছে।’

আজকের ম্যাচের ভুল বিশ্লেষণ করে সেমিতে ভালো ম্যাচ উপহার দিতে চান স্কালোনি, ‘আমাকে ম্যাচটা আবার ভালোভাবে দেখতে হবে। সবসময় উন্নতির কিছু জায়গা থাকে। আমি এটা আরও ভালোভাবে বিশ্লেষণ করব।’