বাংলাদেশ সময় আগামীকাল সকালে কোপা আমেরিকার ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে লিওনেল মেসিকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। গুঞ্জন ছড়ায়, পুরোপুরি ফিট থাকায় সেমিফাইনালের মঞ্চে দেখা নাও যেতে পারে আর্জেন্টাইন অধিনায়ককে। তবে সে শঙ্কা উড়িয়ে দিয়েন দলটির কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জোর দিয়ে জানিয়েছেন, মেসিকে খেলানো নিয়ে কোনো শঙ্কা নেই। এমনকি পুরোপুরি ফিট না থাকলেও মেসিকে খেলাবেন তিনি।
এবারের কোপা আমেরিকায় এখন পর্যন্ত গোলের খাতা খুলতে পারেননি মেসি। অবশ্য গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় খেলতে পারেননি পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে মেসি খেললেও সেদিন ছিলেন নিজের ছায়া হয়ে। পুরো ৯০ মিনিট খেলে বলে স্পর্শ করেছেন মাত্র ৩২ বার, যা ২০১১ কোপা আমেরিকার পর থেকে আর্জেন্টিনার জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে সর্বনিম্ন। এমনকি সে ম্যাচে মেসির রেটিং ছিল ৫.৭৮। একাদশে থাকা সবার চাইতে কম! এছাড়া টাইব্রেকারে প্রথম শটটা মিস করে বসেন মেসি। পরে অবশ্য এমিলিয়ানো মার্তিনেস বীরত্বে ঠিকই শেষ চারের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।
স্কালোনির দল সেমিতে উঠলেও ইকুয়েডরের বিপক্ষে মেসির পারফরম্যান্স নিয়ে আলোচনা-সমালোচনা চলতে থাকে। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি বলেই নিজের ছায়া হয়ে ছিলেন মেসি- এমন আলোচনাও কম হয়নি। সেখান থেকেই গুঞ্জন ছড়ায়, কানাডার বিপক্ষে নাও দেখা যেতে পারে মেসিকে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ’৯৯ শতাংশ সময়ে ও (মেসি) খেলার জন্য ফিট থাকে। আমার কাছে কখনো এমনটা মনে হয়নি, ও খেলার জন্য উপযুক্ত নয়। যতবারই সে মাঠে নেমেছে, সে খেলার জন্য পুরোপুরি ফিট থেকেই নেমেছে। কানাডা ম্যাচেও সে খেলার জন্য উপযোগী। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আমার জন্য খুবই সহজ সিদ্ধান্ত। কারণ সে যদি সুস্থ থাকে, তাহলে খেলবে। আর ভালো বোধ না করলে শেষ ৩০ মিনিট খেলবে। সহজ বিষয়।’
কানাডার বিপক্ষে পুরোপুরি ফিট না থাকলেও যে মেসিকে খেলাবেন, সেটাও জানিয়েছেন আর্জেন্টিনা কোচ, ‘সে ফিট থাকলে সবসময়ই খেলে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এ নিয়ে কারও কোনো সন্দেহ আছে? আমি দলের কোচ। তাই আমারও কোনো সন্দেহ নেই। সিদ্ধান্তটাও আমিই নেই। আমি দেখেছি, (কানাডা ম্যাচে) সে খেলার জন্য ফিট। এমনকি শতভাগ ফিট না থাকলেও সে খেলবে। এর জন্য সমস্ত দায় আমি নেব। কিন্তু ওকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’
মেসি যদি পুরোপুরি ফিট নাও থাকেন, তারপরও কেন তাঁকে খেলাবেন, সে ব্যাখ্যাও দিয়েছেন স্কালোনি, ‘এটা সত্য যে, এমন সিদ্ধান্ত আমাকে কখনো চাপে ফেলবে না। কারণ আমরা জানি, সে সেরা ছন্দে না থাকলেও কী করতে পারে। সে আমাদের কাজ সহজ করে দেয়। এটা জেনেও আমি ওকে বেঞ্চে রাখার মতো ভুল করব না।’