মেসির পাশে আক্রমণে কারা থাকছেন, ঠিক করে ফেলেছে আর্জেন্টিনা

ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দলের হতশ্রী পারফরম্যান্স আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিরই ভালো লাগেনি। সেমিফাইনালে দলের একাদশে যে বদল আনছেন স্কালোনি, সেটা অনুমিতই ছিল।

কানাডার বিপক্ষে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় কোপা আমেরিকার সেমিফাইনালে সে বদলগুলো কী হতে পারে, সেটির একটা আভাস দিয়ে রেখেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম তে ই সে স্পোর্ত। তাদের প্রতিবেদন অনুযায়ী, আপাতত আর্জেন্টিনার আক্রমণভাগ কাল কেমন হতে যাচ্ছে সেটা ঠিক হয়ে গেছে।

লিওনেল মেসি চোট কাটিয়ে ইকুয়েডরের বিপক্ষে পুরো ম্যাচ খেললেও তাঁর চোটের ধকল যে পুরোপুরি কাটেনি, সেটা পরিষ্কার বোঝা গেছে। তবে মেসি শতভাগ ফিট না থাকলেও তাঁকে শুরু থেকে নামানোর কথা স্কালোনি সংবাদ সম্মেলনেই বলে দিয়েছেন।

কিন্তু আক্রমণে তাঁর পাশে আর কে থাকতে পারেন, সেটি নিয়ে সংশয় ছিল। আগেই জানা গিয়েছিল, এই ম্যাচে রক্ষণ-মাঝমাঠ-আক্রমণ তিন বিভাগেই পরিবর্তন আনতে যাচ্ছেন স্কালোনি। শোনা গিয়েছিল, লেফট উইংয়ে নিকো গনসালেসের বদলে আনহেল দি মারিয়াকে খেলাতে পারে আর্জেন্টিনা। এমনকি দুই স্ট্রাইকার লওতারো মার্তিনেস আর হুলিয়ান আলভারেসের মধ্যে কে খেলবেন সে নিয়েও অনিশ্চয়তা ছিল।

তে ই সে স্পোর্ত জানাচ্ছে, আক্রমণে মেসির পাশে দি মারিয়াকে খেলানোর সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন স্কালোনি। আর দুই স্ট্রাইকারের মধ্যে দৌড়ে আলভারেসই এগিয়ে গেছেন বলে জানাচ্ছে সংবাদমাধ্যমটি। লওতারো মার্তিনেস এখন পর্যন্ত ৪ গোল করে কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা, তবে এ ম্যাচে আলভারেসকেই চান স্কালোনি। ধারণা করা হচ্ছে, কানাডা মিড ব্লকে হাই প্রেসিং করে খেলে বলে তাদের হাইলাইন ডিফেন্সকে ফাঁকি দিতে আলভারেসকেই বেশি কার্যকর মনে হচ্ছে স্কালোনির।

মাঝমাঠে এনসো ফের্নান্দেসের জায়গা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাঁর বদলে লিয়ান্দ্রো পারেদেসকে আবার মাঝমাঠে স্কালোনি ফেরাতে পারেন বলে শোনা গিয়েছিল। তবে তে ই সে স্পোর্ত জানাচ্ছে, এখনো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি স্কালোনি। অনুশীলনে জিওভান্নি লো সেলসোকে মাঝমাঠে বাজিয়ে দেখেছেন আর্জেন্টিনা কোচ। এনসোর বদলে পারেদেস আর লো সেলসোর যেকোনো একজন আসতে পারেন জানিয়েও তে ই সে স্পোর্ত লিখেছে, আবার এনসোকেই খেলানোর সিদ্ধান্ত নিতে পারেন স্কালোনি, তবে সে ক্ষেত্রে এনসোর পজিশনে বদল আসবে। ইকুয়েডর ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় থাকলেও এনসোকে এ ম্যাচে একাদশে রাখলে সে ক্ষেত্রে এনসোকে মাঝমাঠের তিনজনের মধ্যে বাঁয়ে রেখে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আলেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে খেলাবেন স্কালোনি। পারেদেস খেললে অবশ্য ম্যাকঅ্যালিস্টার লেফট সেন্টার মিডফিল্ডেই থাকবেন।

রক্ষণে একটা বদল আসছে, সেটা অনেকটাই নিশ্চিত। রাইটব্যাক নাহুয়েল মলিনার জায়গায় গনসালো মন্তিয়েলের জায়গা পাচ্ছেন।

 

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস

রক্ষণ: গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো।

মাঝমাঠ: এনসো ফের্নান্দেস/জিওভান্নি লো সেলসো/ লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো দে পল

আক্রমণ: লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেস।